সংসদে বিএনপির সংরক্ষিত নারী আসনে ভোট ১৬ জুন

দলীয় সিদ্ধান্ত পরিবর্তন করে শেষ মুহূর্তে সংসদে যোগ দেওয়া বিএনপির জন্য সংরক্ষিত একটি নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। সংরক্ষিত এ আসনে ভোট হবে আগামী ১৬ জুন। গতকাল বুধবার ইসি সচিব হেলালুদ্দীন আহমদ এ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। ইসি সচিব দেশ রূপান্তরকে জানান, ‘বিএনপি যদি একাধিক প্রার্থী দেয় সে ক্ষেত্রে ১৬ জুন নির্বাচন হবে। বিএনপির পাঁচ সংসদ সদস্য এজন্য ভোট দেবেন। আর একজন প্রার্থী হলে রিটার্নিং কর্মকর্তা যদি দেখেন সব কাগজ ঠিক আছে, তবে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়ে গেজেট প্রকাশ করা হবে।’

ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২০ মে। মনোনয়নপত্র বাছাই হবে ২১ মে ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৮ মে। তবে এই পদে বিএনপি থেকে একজন প্রার্থী দেওয়া হলে ভোটগ্রহণের প্রয়োজন হবে না। সে ক্ষেত্রে ২৮ মে মনোনয়নপত্র প্রত্যাহারের সময়ের দিনে ওই প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে।

একাদশ সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসনের ৪৯টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। এর মধ্যে আওয়ামী লীগের ৪৩ জন, জাতীয় পার্টির চারজন, ওয়ার্কার্স পার্টির একজন ও স্বতন্ত্র একজন রয়েছেন। বিএনপির নির্বাচিত সংসদ সদস্যরা শপথ না নেওয়ায় তাদের জন্য নির্ধারিত একটি নারী আসনে নির্বাচন স্থগিত ছিল।