সড়কে প্রাণ গেল ১১ জনের

দেশের ছয় জেলায় সড়ক দুর্ঘটনায় ১১ জন নিহত হয়েছেন। গতকাল বুধবারের এসব দুর্ঘটনায় আহত হয়েছেন ৪২ জন। এর মধ্যে নোয়াখালীর চাটখিলে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে তিনজন নিহত হয়েছেন। উপজেলার মুন্সর রাস্তার মাথা এলাকায় গতকাল সকালে এ দুর্ঘটনা ঘটে। বিকেল সাড়ে ৩টার দিকে বান্দরবানের লামায় টমটম ও মিনি ট্রাকের সংঘর্ষে এক স্কুলছাত্রসহ তিনজন নিহত হয়েছেন। এদিন দুপুরে গোপালগঞ্জের কোটালীপাড়ায় ইঞ্জিনচালিত নসিমন উল্টে এক নারী নিহত হন। দুপুরে জামালপুরের বকশীগঞ্জে ট্রাক্টরচাপায় এক কিশোর নিহত হয়েছে। আশুলিয়ায় বাসচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল দুপুরে জিরাবো ডাক্তার বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সকালে চাঁদপুর সদর উপজেলার বাগড়াবাজার লেবুতলা এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হন। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবর

নোয়াখালীর চাটখিল থানার পরিদর্শক সাইফুল ইসলাম জানান, চাটখিলে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে তিনজন নিহত হন। উপজেলার মুন্সর রাস্তার মাথা এলাকায় গতকাল বুধবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন কমপক্ষে ৩৫ যাত্রী। নিহতরা হলেন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার লেদু মিয়ার ছেলে জাফর উদ্দিন (৪০) ও কুমিল্লার শাসনগাছার জহিরুল ইসলামের ছেলে নুর আলম (৪০)। অপরজনের বয়স ৩৫। তার পরিচয় জানা যায়নি। আহতদের কয়েকজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। গুরুতর অবস্থায় সেখান থেকে কয়েকজনকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।

সাইফুল বলেন, ‘চাটখিল থেকে ৪০ যাত্রী নিয়ে জননী পরিবহনের বাসটি লক্ষ্মীপুরের রামগঞ্জে যাচ্ছিল। পথে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশে একটি খালে পড়ে এ দুর্ঘটনা ঘটে।’

বান্দরবানের লামা থানার ওসি অপ্পেলা রাজু নাহা জানান, গতকাল বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে টমটম ও ডাম্পার গাড়ির (মিনি ট্রাক) মুখোমুখি সংঘর্ষে রহিমা বেগম (৫০), আবু তালেব (৩২) ও স্কুলছাত্র ইব্রাহিম (১৫) নিহত হয়েছেন। এরা ইউনিয়নের ২নং ওয়ার্ড পাগলির আগা কুরুকপাতা ঝিরির বাসিন্দা। ইউনিয়নের ডুলাহাজারা-সাপেরগারা সড়কের পাগলির আগাস্থ সানমার রাবার বাগানে এ দুর্ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

কোটালীপাড়া থানার ওসি মোহাম্মদ কামরুল ফারুক জানান, গতকাল দুপুর ১টার দিকে উপজেলার কুরপালা নামক স্থানে ইঞ্জিনচালিত নসিমন উল্টে রাশিদা বেগম (৪০) নিহত হন। তিনি উপজেলার বলুহার গ্রামের ফয়জুজ্জামানের স্ত্রী। দুর্ঘটনায় আহত চারজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জামালপুরের বকশীগঞ্জ থানার ওসি মাহবুব আলম জানান, গতকাল দুপুরে উপজেলার সারমারা টালিয়াপাড়া গ্রামের ইটভাটা থেকে ইটবোঝাই একটি ট্রাক্টর দেওয়ানগঞ্জ যাচ্ছিল। ট্রাক্টরটি ওই গ্রামের বকশীগঞ্জ-সানন্দবাড়ী সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এ সময় হেলপার মামুন মিয়া (১৬) ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। অভিযোগ না থাকায় লাশের সুরতহাল শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। মামুন টালিয়াপাড়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে।

চাঁদপুর মডেল থানার ওসি নাসিম উদ্দিন জানান, সকাল ৬টার দিকে চাঁদপুর সদর উপজেলার বাগড়াবাজার লেবুতলা এলাকায় অটোরিকশা ও ট্রাকের সংঘর্ষে মোজাম্মেল হোসেন (২৩) ও রফিক গাজী (৪০) নিহত হন। রফিক ফরিদগঞ্জ উপজেলার পশ্চিম পোয়া গ্রামের আবদুল ওয়াহাবের ছেলে আর পঞ্চগড় সদর উপজেলার পখিলা গ্রামের সহিদুল ইসলামের ছেলে মোজাম্মেল। ওসি বলেন, খুব সকালে এ দুর্ঘটনা হওয়ায় চালক ও হেলপার ট্রাক নিয়ে পালিয়েছে। লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে আশুলিয়া থানার এসআই আবদুল জলিল জানান, গতকাল দুপুরে আশুলিয়ায় বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কের জিরাবো ডাক্তার বাড়ি এলাকায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী আইয়ুব আলী সুমন (৩৫) নিহত হন। তিনি ভোলার লালমোহন উপজেলার নসু বেপারির ছেলে। রাজধানীর পল্লবীতে থাকতেন তিনি।