‘প্রতিবন্ধীদের ভাতার আওতায় আনা হচ্ছে’

অর্থনৈতিক উন্নয়ন গতিশীল করতে হলে প্রতিবন্ধী নাগরিকদের শিক্ষা ও কাজের সহজ সুযোগ বাড়ানোসহ সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। এজন্য নীতিমালা প্রণয়নের  পাশাপাশি আসছে বাজেটে বরাদ্দ বাড়ানোর পক্ষে মত দেন তারা।

গতকাল রাজধানীর স্পেকট্রা কনভেনশন সেন্টারে ‘প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক জাতীয় বাজেট’ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, দেশের সকল প্রতিবন্ধীকে সরকার ভাতার আওতায় আনবে। ভাতার পরিমাণও বাড়াবে সরকার। তবে ভাতার পরিমাণ এমন হবে না যে কেউ কর্মবিমুখ হয়ে পড়ে। দেশে মোট প্রতিবন্ধীর সংখ্যা জানতে একটি স্বাধীন জরিপ করা হবে। তার আগে প্রতিবন্ধীর সংজ্ঞা ঠিক করা দরকার। কারণ যখনই কোনো বিষয়ে জরিপ হয়, তখন এক ধরনের স্বার্থান্বেষী মানুষ তার মধ্যে ঢুকে পড়ে। সংজ্ঞা ঠিক হলে তা পারবে না।

সমাজকল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন, এমপ্লয়ার্স ফেডারেশনের সাবেক সভাপতি সালাহউদ্দিন কাশেম খান, অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান সি এম তোফায়েল সামি, এডিবির কান্ট্রি ডিরেক্টর শফিকুল ইসলাম, অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আলবার্ট মোল্লা বক্তব্য রাখেন।