প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডনে লুকিয়ে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকে ইঙ্গিত করে বলেছেন, খুনি ও অর্থ পাচারকারীদের অবশ্যই শাস্তি হবে। তিনি গতকাল লন্ডনে তাজ হোটেলে এক মতবিনিময় সভায় বলেন, ‘আমরা বঙ্গবন্ধুর খুনি ও যুদ্ধাপরাধীদের বিচার করেছি। খুনি ও অর্থ পাচারকারীরা যেখানেই লুকিয়ে থাকুক, যত টাকাই খরচ করুক, তাদের কোনো ক্ষমা নেই এবং জাতি তাদের ক্ষমা করবে না।’ প্রধানমন্ত্রী বলেন, আদালত খুনি ও
অর্থ পাচারকারীদের বিরুদ্ধে রায় দিয়েছে। আমরা এই রায় কার্যকরের পদক্ষেপ নেব। তারা যত স্লোগানই দিক, যত তিরস্কারই করুক, তাদের অবশ্যই শাস্তি হবে।
বাংলাদেশ আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখা ও দলের সহযোগী সংগঠনগুলো এ মতবিনিময় সভার আয়োজন করে। সরকারের বিরুদ্ধে বিএনপির অপপ্রচারের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি বলেন, যাদের জন্মের কোনো বৈধতা নেই তারাই সবকিছুতে অবৈধ খুঁজে বেড়ায়। তিনি বলেন, ‘মিথ্যা নিয়ে কারবার করাই বিএনপির ব্যবসা। তারা এতিমের অর্থ আত্মসাৎ করে এবং বিদেশে অর্থ পাচার করে বিপুল বিত্তবৈভবের মালিক বনে গেছে।’ ‘তবে, আমি বিশ্বাস করি, সত্যের জয় হবেই,’ যোগ করেন তিনি।
বিগত সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের বিপুল বিজয় এবং গত ১০ বছরে আওয়ামী লীগের শাসনামলে দেশের চমকপ্রদ আর্থ-সামাজিক উন্নয়নের প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী সকলকে সতর্ক থাকার আহ্বান জানান। যাতে করে বিজয় সমুন্নত থাকে এবং অতীতের মতো বাংলার মানুষের ভাগ্য নিয়ে আর কেউ ছিনিমিনি খেলতে না পারে। প্রধানমন্ত্রী বলেন, ‘আপনাদের সবাইকে সতর্ক থাকতে হবে যাতে মানুষের ভাগ্য নিয়ে আর কেউ ছিনিমিনি খেলতে না পারে এবং দেশের ইতিহাসকে বিকৃত করতে না পারে।’ ভাষণের শুরুতে প্রধানমন্ত্রী দেশের জনগণ এবং প্রবাসীদের মাহে রমজানের মোবারকবাদ জানান। তিনি সবাইকে আগাম ঈদ শুভেচ্ছাও জানান।
দেশে ফিরবেন কাল : প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডনে ১০ দিনের সরকারি সফর শেষে আগামীকাল দেশে ফিরবেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, আজ স্থানীয় সময় সন্ধ্যায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন। বিমানটি শনিবার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। প্রধানমন্ত্রী গত ১ মে লন্ডন সফরে যান। বাসস।