গণতন্ত্রের জন্য বড় হুমকি হচ্ছে বিএনপি : তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ অভিযোগ করে বলেছেন, বাংলাদেশে গণতন্ত্রের জন্য বড় হুমকি হচ্ছে বিএনপি। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে পরমাণু বিজ্ঞানী ড. এমএ ওয়াজেদ মিয়ার দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভায় তিনি অভিযোগ করেন। এ সময় দেশের ও গণতন্ত্রের স্বার্থে বিএনপিকে ‘দুর্বৃত্তায়নের চক্র’ থেকে বের হয়ে আসার আহ্বানও জানান তিনি। প্রধান অতিথির বক্তব্যে হাছান মাহমুদ বলেন,

 ‘রাজনীতিতে বণিকায়ন ও দুর্বৃত্তায়ন দেশের জন্য অশুভ। কারণ বণিকায়নরা রাজনীতিতে এলে তারা সবসময় লাভের আশা করবে আর দুর্বৃত্তরা সবসময় দুর্বৃত্ত ছড়ানোর চেষ্টা করবে। যার স্বপ্নদ্রষ্টা হলো জিয়াউর রহমান আর তা ষোলোকলায় পূর্ণ রূপ দিয়েছে এরশাদ।’ তিনি বলেন, ‘বিএনপি যে বণিকায়ন ও দুর্বৃত্তায়ন এর প্রমাণ হচ্ছে তারেক রহমান। সে একজন প্রতিষ্ঠিত দুর্বৃত্ত যার নেতৃত্বে হাওয়া ভবন ও খোয়াব ভবন পরিচালিত হতো। তাকে ভারপ্রাপ্ত চেয়ারপারসন বানিয়ে বিএনপি দুর্বৃত্ত দলে পরিণত হয়েছে।’

তথ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডনে বিএনপির দুর্নীতি, তারেক রহমানের দুর্নীতি, বেগম খালেদা জিয়ার দুর্নীতির কথা উল্লেখ করে বক্তব্য দিয়েছেন। তারই পরিপ্রেক্ষিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই বক্তব্য নাকি গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ। কিন্তু আসল কথা হলো, গণতন্ত্রের জন্য বাংলাদেশে বড় হুমকি হচ্ছে বিএনপি। কারণ তারা গণতন্ত্রকে সবসময় বাধাগ্রস্ত করেছে।’ তথ্যমন্ত্রী বলেন, ‘২০ দলের ভাঙনের শুরু দেখতে পেলাম, এখন ঐক্যফ্রন্ট নিয়ে চলছে নানা ধরনের কথাবার্তা। যে ঐক্যফ্রন্টে এখন আর ঐক্য নাই। ধীরে ধীরে অনেকেই ঐক্য ছেড়ে দেওয়া শুরু করেছে।’

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি সারাহ বেগম কবরীর সভাপতিত্বে স্মরণসভায় আরও অংশ নেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, সাবেক মন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী শামসুল হক টুকু, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামাল চৌধুরী, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, সংগীতশিল্পী রফিকুল ইসলাম প্রমুখ।