৬ বিশ্বজয়ীকে নিয়ে ফের বিশ্বসেরা হতে চান ফিঞ্চ

১৫ জনের স্কোয়াডে ছয়জনেরই বিশ্বকাপ জয়ের অভিজ্ঞতা আছে। এমন একটি দলকে নিয়ে আরেকবার বিশ্বসেরা হওয়ার মঞ্চে যাচ্ছেন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। গত কয়েক বছরে বিভিন্ন ইস্যুতে টালমাটাল থাকা এই দলটিকে ওই ছয়জনের অভিজ্ঞতায় সওয়ার করে আবার বিশ্ব চ্যাম্পিয়ন বানাতে চান তিনি।

বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের অজি দলের প্রস্তুতি ক্যাম্প ব্রিসবেনে শেষ হয়েছে। সেখানেই গত সপ্তাহে একটা ম্যাচ খেলেছিল তারা, নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে। সেই ম্যাচে ৯১ রানের হার না মানা ইনিংস খেলেন স্টিভেন স্মিথ। গ্লেন ম্যাক্সওয়েল করেন ৭০।

এদের কথা স্মরণ করে ফিঞ্চ বলেছেন, ‘বিশ্বকাপের মতো কঠিন একটা অভিযানে কীভাবে নিজেদের ম্যানেজ করতে হয়, কিংবা শিরোপা কীভাবে জিততে হয় এটা জানা থাকাটা বড় একটা অভিজ্ঞতা। জিততে হলে নিজেদের সেরাটা দিতে হবে। আবার প্রথম দিকে পা ফসকালেও চলবে না। গত বিশ্বকাপজয়ী দলের সেই ছয়জনের অভিজ্ঞতা অন্যদের জন্য কাজে দেবে।’

ফিঞ্চ নিজেও ২০১৫ বিশ্বকাপ দলের সদস্য ছিলেন। অন্য পাঁচজন স্মিথ, ম্যাক্সওয়েল, ডেভিড ওয়ার্নার, মিচেল স্টার্ক এবং প্যাট কামিন্স।