কুমিল্লা বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবদুল কাদের জিলানীর বাড়ি থেকে অস্ত্র ও মাদক উদ্ধার করেছে র্যাব। এ সময় দুজনকে আটক আটক করা হয়।
শুক্রবার ভোর রাতে র্যাব-১১ এর একটি দল অভিযান চালিয়ে এসব উদ্ধার করে। এ সময় জিলানীর ঘর থেকে একটি বিদেশি পিস্তল, একটি পিস্তলের ম্যাগাজিন, চার রাউন্ড গুলি ও ৫৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অভিযানকালে জিলানী পালিয়ে গেলেও মো. ফরহাদ হোসেন (৩৪) ও মো. শাহীন ভূইয়া (৩৮) নামে দুজনকে আটক করা হয়।
র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক প্রণব কুমার এক বিবৃতিতে জানান, আমাদের কাছে তথ্য ছিল, মোকাম ইউনিয়নের নিমসার গ্রামের হাজী সিদ্দিকুর রহমানের ছেলে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. আ. কাদের জিলানীর বাড়িতে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করতে অস্ত্রসহ অবস্থান করছে। এর ভিত্তিতে জিলানীর বাড়িতে অভিযান চালিয়ে ১টি বিদেশি পিস্তল, ১টি পিস্তলের ম্যাগাজিন, ৪ রাউন্ড গুলি ও ১ টি মোবাইল ফোনসহ ফরহাদ ও শাহীনকে আটক করা হয়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে জিলানী পালিয়ে যায়।