রহমত শাহর সেঞ্চুরিতে রোমাঞ্চকর জয় আফগানিস্তানের

নির্ধারিত ওভার শেষে বিশাল এক সংগ্রহ পেয়েছিল স্কটল্যান্ড। কিন্তু ভেস্তে গেল দলটির সব চেষ্টা। রহমত শাহর মারকুটে এক সেঞ্চুরি, মোহাম্মদ শাহজাদ ও হাশমতউল্লাহ শাহিদির অবনদ্য অর্ধশতকে শেষ হাসি হেসেছে আফগানিস্তান। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে রোমাঞ্চকর এক জয় নিয়ে মাঠ ছেড়েছে তারা।

শুক্রবার স্কটল্যান্ডের এডিনবার্গে ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে পাওয়া আফগানদের শ্বাসরুদ্ধকর জয়টি ২ রানের। ৩২৫ রানের জবাবে আফগানিস্তান ইনিংসের ৪৪ ওভার ৫ বলে পৌঁছাতেই নামে বৃষ্টি। আর সম্ভব হয়নি খেলা। সে সময়ে ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে অতিথি দলের প্রয়োজন ছিল ২৬৮ রান, তারা তুলেছিল ২৬৯ রান। এর আগে সিরিজের প্রথম ম্যাচটি ভেসে যায় ম্যাচটি।

আফগানিস্তানের এই জয়ে সবচেয়ে বড় অবদান রহমতের। ১১৫ বলে ১১ চার ও দুই ছক্কায় ১১৩ রান করেন তিন নম্বরে নামা এই ব্যাটার। ৬৭ বলে ৫৫ রান করেন ওপেনার মোহাম্মদ শেহজাদ। ৬০ বলে ৫৯ রান নিয়ে অপরাজিত থাকেন হাসমতউল্লাহ শহিদি। ১৮ বলে ২২ রান নিয়ে অপরাজিত থাকেন আসগর আফগান।

এর আগে টসে জেতা স্কটল্যান্ড প্রথমে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ৩২৫ রানের সংগ্রহ পায়। ৮৯ বলে ঝড়ো ব্যাটিংয়ে ১০০ রান করেন ক্যালাম ম্যাকলয়েড। তার ইনিংসটিতে ছিল ১০ চার ও এক ছক্কা। অন্যদের মধ্যে অধিনায়ক কাইল কয়েটজার করেন ৯৮ বলে ৭৯ রান।

আফগানিস্তানের বোলারদের মধ্যে গুলবাদিন নায়েব তিনটি উইকেট নেন। দুটি করে উইকেট নেন হামিদ হাসান ও আফতাব আলম।