ভারতীয় ধনকুবের অনিল আম্বানির রিলায়েন্স কমিউনিকেশনকে সরকারিভাবে দেউলিয়া ঘোষণা করেছে দেশটির ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনাল। ফেব্রুয়ারি মাসে ট্রাইব্যুনালের দ্বারস্থ হয় আম্বানির প্রতিষ্ঠানটি।
দেউলিয়া সংক্রান্ত মামলা চলাকালে নষ্ট হওয়া ৩৫৭ দিন বাদ দেওয়ার জন্য আবেদনও জানানো হয়। তবে বৃহস্পতিবার সেই আবেদন খারিজ করে রিলায়েন্স কমিউনিকেশনকে দেউলিয়া ঘোষণা করা হয়।
এই ঘোষণার পরই ৫০ হাজার কোটি টাকার ঋণগ্রস্ত থাকা কোম্পানিকে পরিচালনার জন্য সংস্থার পরিচালন কমিটিকে উপেক্ষা করে নতুন করে পেশাদারদের নিয়োগ করা হয়েছে। স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার নেতৃত্বাধীন ৩১টি ব্যাংকের মাধ্যমে পাওনাদারদের একটি কমিটি গঠন করতেও বলা হয়েছে ট্রাইব্যুনালের পক্ষ থেকে।
ট্রাইব্যুনালের শেষ শুনানিতে মামলা চলাকালীন দিন বাদ দেওয়ার আবেদন করেছিল অনিলের সংস্থা। কারণ হিসেবে বলা হয়, ২০১৮ সালের ৩০ মে থেকে চলতি বছরের ৩০ এপ্রিল পর্যন্ত ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনাল ও সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ দেওয়ার বিষয়টি।
বিচারপতি ভিপি সিং ও আর দুরাই স্বামীর ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, অন্য মামলার ক্ষেত্রে যে পদ্ধতি অনুসরণ করা হয়েছে এই মামলার ক্ষেত্রেও তাই হবে।
রিলায়েন্স জিও আসার পর থেকেই ব্যবসায় মার খেতে শুরু করে অন্যান্য টেলিকম সংস্থাগুলো। ব্যতিক্রম হয়নি রিলায়েন্স কমিউনিকেশনের ক্ষেত্রেও।
পরে নিজেদের স্পেকট্রাম বড় ভাই মুকেশের কোম্পানি রিলায়েন্স জিওকে বিক্রি করতে চেয়েছিলেন অনিল, যাতে সমস্যার সমাধান হয়। কিন্তু সরকারের অনুমতি না মেলায় সেই প্রক্রিয়াও ভেস্তে যায়।