বেলকুচিতে স্ত্রীকে হত্যার চেষ্টা স্বামী পলাতক

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার পৌর সদরের চরচালায় এক গৃহবধূকে (৩০) তার স্বামী বুদ্দু মিয়া (৪০) গলা কেটে হত্যার চেষ্টা করেছে। গতকাল শুক্রবার দুপুরে ভাড়াবাড়িতে এ ঘটনার সময় গৃহবধূর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে রক্তাক্ত ও মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে। এ সময় স্বামী বুদ্দু পালিয়ে যেতে সক্ষম হয়।

বুদ্দু মিয়া উপজেলার তেঁয়াশিয়া গ্রামের মৃত হানিফ খলিফার ছেলে।

গৃহবধূর বাবা জানান, গত শুক্রবার দুপুরে বুদ্দু মিয়া ও তার স্ত্রী রুমে বসে কথা বলছিল। একপর্যায়ে বুদ্দু স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও জবাই করে হত্যার চেষ্টা করে। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে প্রথমে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল ও সবশেষে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করে।

বেলকুচি থানার ওসি আনোয়ারুল ইসলাম বলেন, প্রবাসী বুদ্দু মিয়ার পাঠানো টাকা বা পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটতে পারে।