পাবনায় রসিকতা করে পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিক দুলাল হোসেনকে (২৮) হত্যার অভিযোগ উঠেছে বরাত হোসেন নামে সহকর্মীর বিরুদ্ধে। গতকাল শনিবার দুপুর ২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দুলাল।
এর দু’দিন আগে গত বৃহস্পতিবার দুপুরে পাবনা বিসিক শিল্পনগরীতে তাকে পায়ুপথে হাওয়া ঢোকানোর ঘটনা ঘটে। নিহত দুলাল পাবনার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের পূর্বটিয়ারতলা গ্রামের আবু বক্কারের ছেলে। অভিযুক্ত বরাত হোসেন একই গ্রামের কামাল হোসেনের ছেলে।
নিহতের স্বজনদের বরাত দিয়ে চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আরজান আলী জানান, গত বৃহস্পতিবার সকালে অন্যান্য দিনের মতো দুলাল পাবনা বিসিক শিল্পনগরীতে শ্রমিকের কাজ করতে যায়। অতিরিক্ত গরমের কারণে দুলাল তার সহকর্মী বরাতকে ধুলা পরিষ্কার করার মেশিন দিয়ে শরীরে বাতাস দিতে বলে। এ সময় রসিকতার ছলে বরাত হোসেন পাইপ দিয়ে দুলালের পায়ুপথে হাওয়া ঢুকিয়ে দিলে সে (দুলাল) অসুস্থ হয়ে পড়ে। এরপর প্রথমে তাকে পাবনা মেডিকেলে ও পরে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুরে দুলালের মৃত্যু হয়।
পাবনা সদর থানার ওসি ওবাইদুল হক বলেন, পুলিশকে না জানিয়ে দুলাল নামের ওই শ্রমিকের মরদেহ বাড়িতে নিয়ে যান স্বজনরা। যেহেতু সদর থানা এলাকার ঘটনা সেহেতু ময়নাতদন্তের জন্য মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছি।
চাটমোহর থানার পরিদর্শক (তদন্ত) মো. শরিফুল ইসলাম বলেন, ঘটনা সদর থানায় ঘটেছে, এ ব্যাপারে তারাই ব্যবস্থা নেবে।
এ বিষয়ে পাবনা বিসিক শিল্পনগরীর এস্টেট অফিসার রফিকুল ইসলাম বলেন, ঘটনাটি আমার জানা নেই।