খুলনায় রোহিঙ্গা সন্দেহে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

খুলনার ডুমুরিয়ায় রোহিঙ্গা সন্দেহে ৬০ বছরের এক বৃদ্ধকে স্থানীয়রা পিটিয়ে হত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। গত শুক্রবার রাতে উপজেলার মাগুর ঘোনার কাঁঠালিয়া বাজারে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ। এদিকে গতকাল শনিবার পূর্বশত্রুতার জেরে নড়াইলের কালিয়ায় এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। নিজস্বপ্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর

খুলনা : ডুমুরিয়ার ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ উপজেলার সাহস ঘোষগাতী গ্রামের চিংড়িঘের মালিক মেহেদী মোড়ল ও কাঁঠালিয়া বাজারের মুদি দোকানদার মধুসূদন মণ্ডলকে আটক করেছে।

স্থানীয়দের বরাত দিয়ে ডুমুরিয়া থানার ওসি আমিনুল ইসলাম বিপ্লব জানান, শুক্রবার রাতে রোহিঙ্গা সন্দেহে অজ্ঞাত এক বৃদ্ধকে স্থানীয় লোকজন পিটিয়ে আহত করে। পরে তাকে পার্শ্ববর্তী পাইকগাছা উপজেলার কপিলমুনি হাসপাতালে নেওয়ার সময় তিনি মারা যান। পরে তাকে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার সময় মাগুরখালী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই রণজিৎ মেহেদী ও মধুসূদনকে আটক করেন। ওসি বলেন, নিহতের নাম-পরিচয় এবং তিনি রোহিঙ্গা কিনা এখনো জানা যায়নি। তাকে পিটিয়ে হত্যার ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আটক দুজনের নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে হত্যা মামলা করেছে।

সাহস ঘোষগাতী গ্রামের বাসিন্দারা জানান, এক সপ্তাহ ধরে খুলনা ও সাতক্ষীরার বিভিন্ন এলাকায় ছেলেধরা আতঙ্ক বিরাজ করছে। রোহিঙ্গারা বোরকা পরে অথবা পাগলের বেশে গ্রামান্তরে ছড়িয়ে পড়েছে। তারা বিভিন্ন গ্রাম থেকে শিশু ও নারীদের অপহরণ করে হত্যা করছে। তাদের ধরতে সোচ্চার হয়ে পড়েছে এলাকাবাসী। তারই ধারাবাহিকতায় এ বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

নড়াইল : গতকাল সকাল ১০টার দিকে নড়াইলের কালিয়া উপজেলার পারবিষ্ণুপুর গ্রামে বনি মোল্যা (২৮) নামে এক যুবককে পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষ কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে। তিনি গ্রামের হাশিম মোল্যার ছেলে। প্রতিবেশী লিটন জানান, সকাল ৮টার দিকে বনি ঘেরে যাচ্ছিলেন। এ সময় পারবিষ্ণুপুর গ্রামের হারুন গ্রুপের লোকজন তাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কালিয়া থানার ওসি আনোয়ার হোসেন জানান, পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় জড়িত কাউকে আটক করা যায়নি।