বাংলাদেশ থেকে শ্রমিক নিয়ে ন্যায্য মজুরি ও দুই বছর কোনো ছুটি না দেওয়ার দায়ে নিউজিল্যান্ডে মিষ্টি ব্যবসায়ী বাংলাদেশি দম্পতিকে
কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। মোহাম্মদ আতিকুল ইসলাম ও নাফিসা আহমেদের বিরুদ্ধে শ্রমিক নেওয়ার সময় মিথ্যা তথ্য, শ্রম আইন লঙ্ঘনের মতো অভিযোগ প্রমাণিত হওয়ায় অকল্যান্ড ডিস্ট্রিক্ট কোর্ট এ দণ্ড দেয়।
গতকাল শনিবার নিউজিল্যান্ড হেরাল্ডের খবরে বলা হয়, ওই দম্পতির পরিচালিত রয়েল সুইটস ক্যাফের দুই পাচকের অভিযোগের পর বিষয়টি প্রকাশ্যে আসে। প্রতিষ্ঠানটি রয়েল বেঙ্গল ক্যাফে নামেও পরিচিত।
বিভিন্ন অভিযোগ প্রমাণিত হওয়ায় আতিকুল ইসলামকে (৩০) সাড়ে চার বছরের ও তার স্ত্রী নাফিসা আহমদকে (৩০) আড়াই বছরের সাজা দেন বিচারক। দণ্ডিত দুজনই নিউজিল্যান্ডের নাগরিক। দীর্ঘ বিচার প্রক্রিয়ায় তাদের বিরুদ্ধে মানবপাচারের অভিযোগ আনা হলেও তা আদালতে প্রমাণিত হয়নি। খবরে বলা হয়, নিউজিল্যান্ডের ইতিহাসে এটি মানবপাচারের অভিযোগের উল্লেখযোগ্য একটি বিচার।
অভিযোগে বলা হয়, নিউজিল্যান্ডে যাওয়ার পরপরই তাদের পাসপোর্ট কেড়ে নেওয়া হয়। দুই বছর ধরে ঘণ্টায় মাত্র ছয় ডলার করে বেতন দেওয়া হয়। অনেক সময় কাজ করিয়ে কোনো বেতনই দেওয়া হয়নি, ছুটি তো নয়ই। বাংলাদেশের একটি দৈনিক পত্রিকায় বিজ্ঞাপন দেখে তারা দেশটিতে গিয়েছিলেন।
বিচারক গিবসন বলেন, আতিকুল ও নাফিসা দুজনই নিউজিল্যান্ডের বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিধারী। তারা দেশটির শ্রম আইন ও ন্যূনতম মজুরির ব্যাপারে ভালোই ধারণা রাখেন। কেবল ব্যবসায়িক লাভের জন্য তারা নিজ সম্প্রদায়ের মানুষকে শোষণ করেছেন।