বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ

গাজীপুরে বকেয়া বেতন ও কারখানা অনির্দিষ্টকালের বন্ধ ঘোষণার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকরা। এ সময় পুলিশ তাদের ওপর লাঠিচার্জ ও টিয়ালশেল নিক্ষেপ করে। এতে কয়েকজন শ্রমিক আহত হন। গতকাল রবিবার সকালে মহানগরীর ভীমবাজার এলাকার ওয়ার্ক ফিল্ড গার্মেন্টস শ্রমিকরা এ বিক্ষোভ করেন।

কারখানার অপারেটর তানিয়া আক্তার জানান, তিন মাসের বেতন ও অন্যান্য ভাতা বকেয়া রয়েছে। কর্র্তৃপক্ষ দেই, দিচ্ছি বলে বারবার তারিখ দিয়ে আসছিল। সর্বশেষ ঈদের আগেই বকেয়া বেতনসহ ঈদ বোনাস দেওয়ার আশ্বাস দেয়। গতকাল কাজে যোগ দিতে গিয়ে তারা দেখেন মূল ফটকে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশ। এতে শ্রমিকরা উত্তেজিত হয়ে সাড়ে ১০টার দিকে তারা কারখানার সামনের মির্জাপুরÑমাস্টারবাড়ি আঞ্চলিক সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ এবং টিয়ারশেল নিক্ষেপ করে।

গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক হাবিবুর রহমান জানান, তারা পুলিশের ওপর হামলা করে। পরে টিয়ারশেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়।