বলিউড সুপারস্টার কারিনা কাপুর খান প্রতিনিয়ত নতুন দিগন্ত উন্মোচন করছেন। এ যাবৎকালে বলিউডে চলতে থাকা অনেক প্রথা ভেঙেচুরে একেবারে গুঁড়িয়ে দিয়েছেন। এই প্রথা ভাঙার যাত্রা শুরু হয় শহীদ কাপুরের সঙ্গে প্রেমের মাধ্যমে। ভাবছেন, বলিউডে অনেক নায়ক-নায়িকাই প্রেম করেন, এ আর বিশেষ কী? তবে বিশেষত্ব তো আছেই, এ সেই নায়িকা যিনি প্রেম করে অকপটে প্রেমিকের নাম মিডিয়ায় স্বীকার করেন। এর আগে অন্য কোনো নায়িকা সহশিল্পীর সঙ্গে প্রেম করলে তা স্বীকার করতেন না। এরপর এলো বিয়ের পালা। ক্যারিয়ারের একেবারে মধ্যগগনে বিয়ের পিঁড়িতে বসতে চাইতেন না কোনো নায়িকা। কারিনাই সেই ট্রেন্ড সেট করেন। শুধু তা-ই নয়, বিয়ে করে ক্যারিয়ার থেকে মুখ থুবড়ে পড়া নায়িকাদের দলেও তিনি নেই। বরং নতুন উদ্যমে ব্যবসাসফল সিনেমা উপহার দেন। এরপর আসে প্রেগনেন্সির কথা।
কারিনাই প্রথম নায়িকা, যিনি কোনো দিন তার প্রেগনেন্সি লুকাননি। সন্তানকে গর্ভে রেখেই শ্যুটিং করেছেন, র্যাম্পে হেঁটেছেন, অ্যাওয়ার্ড শোতে পুরস্কার নিয়েছেন, এমনকি মিডিয়ার ক্যামেরায় পোজ দিয়েছেন। ছেলে তৈমুর জন্মানোর অল্পদিনের মধ্যেই একেবারে ফিট হয়ে কাজে ফেরেন এই তারকা।
এসব তো গেল ব্যক্তিজীবনের গল্প। ক্যারিয়ারেও কারিনার কিছু সিদ্ধান্ত একেবারেই প্রচলিত প্রথাকে ভেঙে দেয়। বলিউডের শীর্ষ নায়িকা হয়ে তিনি শুরু করেন রেডিও শো, যা ওই চ্যানেলের সবচেয়ে হিট শো। আর এবার তিনি আসতে চলেছেন টেলিভিশনে একটি নাচের রিয়্যালিটি শোর বিচারক হয়ে।
যেখানে বলিউডের অন্য নায়িকারা সিনেমায় কাজ না পেয়ে টিভির শোতে বিচারক হন, সেখানে কারিনার হাতে রয়েছে তিনটি সিনেমা। এত ব্যস্ততার মধ্যেও তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন, যা ভক্তদের মুগ্ধ করেছে। কারিনা বলেছেন, ‘আমি ভালো কাজ করতে চাই। কী মাধ্যমে করছি সেটা বড় কথা নয়। দর্শকের ভালোবাসা পাওয়াটাই মুখ্য। এ জন্য নিজের ইমেজ নিয়ে আমি ভাবি না। মেধা থাকলে, ভালো কাজ করলে দর্শক আমাকে ফিরিয়ে দেবেন না।’
এদিকে, সম্প্রতি এক মন্তব্য করে সবাইকে চমকে দিয়েছেন কারিনা। বলিউডের তিন খান বাদে স্বামী সাইফ আলি খান, ইমরান খান সবার সঙ্গেই কাজ করেছেন তিনি। কিন্তু এ নায়িকার মতে, তাদের কেউই বলিউডের সেরা খান নন! সম্প্রতি একটি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে কারিনা বলেছেন, ‘আমি সব খানের সঙ্গেই অভিনয় করেছি। কিন্তু আমার মতে, ইরফান খানের সঙ্গে কাজ করাটা আমার কাছে অত্যন্ত গর্বের। তিনি পথপ্রদর্শক, সব খানের মধ্যে সেরা অভিনেতা তিনিই আর ইরফানই আমার কাছে বলিউডের সেরা।’ ১৫ মে থেকে ইরফানের সঙ্গে ‘আংরেজি মিডিয়াম’-এ শ্যুটিং করছেন কারিনা কাপুর। সিনেমায় তাকে পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে।