ভাসমান বেডে কোটি টাকার চারা

বদলে যাচ্ছে হাজারো নারী-পুরুষের জীবন

চারা চাষে বছরে লেনদেন ১০ কোটি টাকা

আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ০৭:৩৭ এএম

পানির ওপর কচুরিপানা জমিয়ে বিশেষ পদ্ধতিতে তৈরি করা ‘ধাপ’ বা ভাসমান বেডে ফলানো হচ্ছে দেশি-বিদেশি নানা জাতের সবজি ও চারা। এতে বদলে যাচ্ছে পিরোজপুরের নাজিরপুরের নারী-পুরুষের একদল কৃষকের জীবন। নাজিরপুর ও এর পার্শ্ববর্তী নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলার শত শত একর জলমহাল জুড়ে এখন শুধু সবুজের সমারোহ। ঐতিহ্যবাহী এই ‘ভাসমান সবজি চারা চাষ’কে কেন্দ্র করে প্রতি বছর লেনদেন হচ্ছে প্রায় ১০ কোটি টাকা, এতে পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে ঘুরছে গ্রামীণ নারীদের ভাগ্যের চাকা। এই কৃষি পদ্ধতিকে ইতিমধ্যে জাতিসংঘের একটি সংস্থা আন্তর্জাতিকভাবে স্বীকৃতিও দিয়েছে।

নাজিরপুরের মুগারঝোর, কলারদোয়ানিয়া, মালীখালী এবং নেছারাবাদের বলদিয়া এখন ভাসমান কৃষির মূল কেন্দ্র। বর্ষায় দীর্ঘ সময় পানি জমে থাকায় স্থানীয় কৃষকরা কচুরিপানা পচিয়ে ২-৩ ফুট পুরু এবং ৫০-১০০ ফুট লম্বা ভাসমান বেড বা ‘ধাপ’ তৈরি করে চাষাবাদ করছেন। এসব ধাপে মূলত শসা, লাউ, মিষ্টি কুমড়া, বরবটি, করলা, টমেটো ও বেগুনের চারা উৎপাদন করা হয়। পাশাপাশি লালশাক, পালংশাক ও পুঁইশাকও ফলানো হচ্ছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, জুলাই থেকে নভেম্বর পর্যন্ত প্রতি মৌসুমে এখানে প্রায় এক কোটি সবজি চারা উৎপাদিত হয়। দক্ষিণাঞ্চলসহ দেশের উত্তরাঞ্চলের কৃষকরাও এখান থেকে চারা সংগ্রহ করেন। বর্তমানে প্রায় ছয় হাজার কৃষক সরাসরি এই পেশায় যুক্ত। পুরুষের পাশাপাশি গ্রামীণ নারীদের কর্মসংস্থানও বদলে দিয়েছে এই অঞ্চলের অর্থনৈতিক চিত্র।

ভাসমান কৃষি বিপ্লবে গ্রামের নারীদের শ্রম অনস্বীকার্য। পুরুষরা জলাশয়ে ধাপ তৈরির কাজ করার সময় নারীরা বাড়ির আঙিনায় লতা সংগ্রহ, ম্যাদা তৈরি ও চারার পরিচর্যা করেন। কচুরিপানা, শ্যাওলা ও খড়কুটা দিয়ে ছোট গোলাকার ‘বিড়া’ বা দোলনা তৈরি করে মাটি ও পচাপাতার সাহায্যে বীজের অঙ্কুরোদগম ঘটান তারা। বীজ ফুটলে তা বড় করা ও পোকা দমনের মূল দায়িত্ব নারী ও কিশোরীদের। এই প্রক্রিয়ায় তাদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও অধিকাংশেরই আয় সীমিত।

পিরোজপুরের স্থানীয় কৃষকদের এই ভাসমান চাষাবাদের ইতিহাস প্রায় ২০০ বছরের পুরনো। শত বছরের এই মেধা ও উদ্ভাবনী শক্তি আজ আর কেবল স্থানীয় পর্যায়ে সীমাবদ্ধ নেই, বরং পেয়েছে আন্তর্জাতিক স্বীকৃতি। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা করে পানির ওপর ফসল ফলানোর এই ভাসমান কৃষি পদ্ধতিকে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (ঋঅঙ) ২০১৫ সালে ‘গ্লোবাল ইম্পর্ট্যান্ট এগ্রিকালচারাল হেরিটেজ সিস্টেম’ (এওঅঐঝ) বা ‘বিশ্ব ঐতিহ্যবাহী কৃষি পদ্ধতি’ হিসেবে স্বীকৃতি দিয়েছে। নাজিরপুর ও নেছারাবাদের এই পদ্ধতি আজ বিশ্বের জলবায়ু ঝুঁকিগ্রস্ত দেশগুলোর জন্য এক অনুকরণীয় মডেল।

এদিকে ভাসমান কৃষির প্রয়োজনীয় উপকরণ কেনাবেচাকে ঘিরেই জমে ওঠে নাজিরপুর উপজেলার বৈঠাকাটা হাট। ভোরের আলো ফুটতেই নদীর বুকে সারি সারি নৌকায় শুরু হয় বেচাকেনা। আশপাশের বিভিন্ন গ্রাম থেকে বিক্রেতারা নৌকায় করে নিয়ে আসেন জলজ উদ্ভিদ। এসব উপকরণ কিনতে এক নৌকা থেকে অন্য নৌকায় ঘুরে বেড়ান কৃষকরা। সপ্তাহের শনিবার ও মঙ্গলবার বসা এই হাটে এমন বেচাকেনার মধ্য দিয়েই শুরু হয় ভাসমান বেডে সবজির চারা উৎপাদনের অর্থনৈতিক কার্যক্রম। হাটে শ্যাওলা বিক্রি করতে আসা আরমান খান (৪৫) বলেন, বাগেরহাটের চিতলমারী থেকে শ্যাওলা নিয়ে আসি। কুড়ি হিসেবে ১৬০ থেকে ৩২০ টাকা পর্যন্ত বিক্রি করি। বেচাকেনা মোটামুটি। ভালো দিনে ৮-৯ হাজার টাকা পর্যন্ত বিক্রি হয়, বাজার খারাপ গেলে একটু কম হয়।

দেউলবাড়ী দোবরা ইউনিয়নের মুগারঝোর গ্রামের বাসিন্দা চাষি আসলাম ফকির (৫৫) বলেন, বিগত ৭-৮ বছর থেকে ভাসমান বেড ও সবজির চারা উৎপাদনের কাজ করছেন। নিজের কাজের পাশাপাশি গ্রামের অসচ্ছল ও কর্মহীন মানুষদের এ কাজে যুক্ত করেছেন। বর্তমানে তার উদ্যোগে অনেকে কাজ করছেন।

পার্শ্ববর্তী বলদিয়া গ্রামের নারী শ্রমিক মিনারা বেগম (৩৬) বলেন, সকাল থেকে বিকেল পর্যন্ত কাজ করি। সারা দিন পরিশ্রম করেও মাত্র ২০০ টাকা পাই এতে খুব কষ্ট হয়। নারীদের আর কোনো কাজ নেই, তাই এগুলোই করি। আমাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হলে ভালো হতো। এক হাজার ম্যাদা বানিয়ে দেড়শ টাকা পাওয়া যায়, এতে কি আর সংসার চলে!

স্থানীয় কৃষকদের দাবি, ভাসমান কৃষিকে আরও লাভজনক করতে কিছু সরকারি-বেসরকারি উদ্যোগ নেওয়া জরুরি। হিমাগার ও পরিবহন সুব্যবস্থা থাকলে সহজে চারা ও পচনশীল সবজি দূর-দূরান্তে পরিবহনের জন্য দ্রুত যোগাযোগ ও সংরক্ষণব্যবস্থা জোরদার করা সম্ভব।

পিরোজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সৌমিত্র সরকার বলেন, পিরোজপুর জেলার নাজিরপুর ও নেছারাবাদ উপজেলায় ভাসমান বেডে উৎপাদিত সবজির চারা খুলনা, যশোর, ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলে যাচ্ছে। কৃষি অফিস থেকে এই পেশার সঙ্গে জড়িত কৃষকদের নিয়মিত প্রয়োজনীয় পরামর্শ ও কারিগরি সহায়তা দেওয়া হচ্ছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত