তিন বছরের রেকর্ড ভেঙে চট্টগ্রামে ডেঙ্গুর ভয়াবহ রূপ

আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ০৭:২৭ এএম

চট্টগ্রামে ডেঙ্গু পরিস্থিতি মারাত্মক রূপ ধারণ করেছে। বিগত তিন বছরের রেকর্ড ভেঙে চলতি ২০২৬ সালে জেলায় ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ চূড়ায় পৌঁছেছে। বিশেষ করে বছরের শেষভাগে এসে আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবরে সংক্রমণের হারের যে তীব্রতা দেখা গেছে, তা অতীতের যেকোনো সময়কে ছাড়িয়ে গেছে। স্বাস্থ্য খাত-সংশ্লিষ্টরা বলছেন, বর্ষা ও বর্ষা-পরবর্তী সময়ে এডিস মশার বংশ বিস্তার রোধে কার্যকর ও সমন্বিত নিধন অভিযান না থাকায় পরিস্থিতি এই অনাকাক্সিক্ষত পর্যায়ে গিয়ে ঠেকেছে। চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, বিগত দুই বছরের তুলনায় চলতি বছরের প্রাদুর্ভাব বেশ উদ্বেগজনক। ২০২৪ সালে জেলায় পুরো বছরজুড়ে ডেঙ্গু শনাক্ত হয়েছিল ৪ হাজার ৩২৩ জনের এবং মারা যান ৪৫ জন। এর পরের বছর ২০২৫ সালে মোট আক্রান্তের সংখ্যা কিছুটা বেড়ে দাঁড়ায় ৪ হাজার ৮৬৪ জনে, যেখানে মৃত্যু হয়েছিল ২৭ জনের। তবে চলতি ২০২৬ সালের ১০ নভেম্বর পর্যন্ত প্রাপ্ত তথ্যে দেখা যায়, মোট আক্রান্তের সংখ্যা লাফিয়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৭৮৬ জনে, আর এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৪০ জন।

তথ্য বিশ্লেষণ করে আরও দেখা যায়, চলতি বছরের প্রথম ছয় মাস সংক্রমণ নিয়ন্ত্রণে থাকলেও জুলাইয়ে আক্রান্ত হন ৫৩৬ জন আর মারা যায় ২ জন। এরপর আগস্টে ১ হাজার ২০২ জন ও মারা যায় ২ জন, সেপ্টেম্বরে আক্রান্ত হয় ২ হাজার ৪৩০ জন ও মারা যায় ১৬ জন এবং অক্টোবরে রেকর্ড ২ হাজার ৬০৮ জন রোগী শনাক্ত হন ও মারা যান ১৫ জন। চলতি নভেম্বর মাসের প্রথম ১০ দিনেই নতুন করে ৭১২ জন শনাক্ত হওয়ার পাশাপাশি চার জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে।

সংক্রমণের এই ভয়াবহতার বাস্তব চিত্র ফুটে উঠেছে নগরীর বিভিন্ন এলাকায়। হিলভিউ এলাকায় গত দুই দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুই সহোদরের মৃত্যু হয়েছে। তাদের এক ভাই নূর মোহাম্মদ আরাফাত এলাকার হিলভিউ পাবলিক স্কুলের শিক্ষার্থী ছিলেন। বিদ্যালয় প্রাঙ্গণ পরিষ্কার রাখা হলেও এলাকায় কোনো মশার ওষুধ ছিটাতে দেখা যায় না বলে অভিযোগ স্কুল কর্তৃপক্ষের; বর্তমানে তাদের স্কুলেরই অন্তত ১০ জন শিক্ষার্থী ডেঙ্গুতে আক্রান্ত। একই এলাকার লোকমান হোসেন নামের এক বাসিন্দা জানান, কয়েল না জ্বালিয়ে বা মশারি না টানিয়ে ঘরে থাকা অসম্ভব হয়ে পড়লেও গত চার মাসেও মশার ওষুধ ছিটাতে কাউকে দেখা যায়নি। অনুরূপ চিত্র দক্ষিণ কাট্টলী এলাকায়; সেখানকার একতা আবাসিকে অবস্থানকালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যান এক গৃহবধূ। এলাকার তাহমিনা বেগম নামের এক নারী জানান, একতা ও চৌধুরী আবাসিক এলাকায় গত এক মাসেও কোনো মশক নিধন ওষুধ ছিটানো হয়নি।

এলাকাবাসীর অভিযোগের বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা ক্যাপ্টেন শামীম মোহাম্মদ খান দেশ রূপান্তরকে বলেন, হিলভিউ আবাসিক এলাকায় গত কয়েকদিন বেশ কয়েকবার ওষুধ ছিটানো হয়েছে। মশক নিধনে আমাদের লোকবল আছে মাত্র ১২০ জন। চট্টগ্রাম শহরে জনসংখ্যা আছে ৮০ লাখ। সীমিত সংখ্যক জনবল নিয়ে আমরা থেমে নেই। দিনরাত ওষুধ ছিটানো হচ্ছে। ডেঙ্গু নিয়ন্ত্রণে নগরজুড়ে ক্র্যাশ প্রোগ্রাম চলছে। তবে চসিকের একার পক্ষে ডেঙ্গু নিয়ন্ত্রণ অসম্ভব। কেবল চসিক কাজ করলে হবে না। এ জন্য সচেতনতা বাড়ানো বেশি জরুরি। সবাইকে নিজেদের বাসাবাড়ি ও আশপাশ পরিষ্কার রাখতে হবে। কোথাও পানি জমতে না দিলে ডেঙ্গুর প্রকোপ কমিয়ে আনা সম্ভব হবে। চট্টগ্রাম জেলা সিভিল সার্জন মোহাম্মদ সাজেদুর রহমান বলেন, এ বছর আমাদের ডেঙ্গু শনাক্ত বেশি হয়েছে। আমাদের প্রতিটা উপজেলায় ডেঙ্গু শনাক্তকরণের এনএস ওয়ান অ্যান্টিজেন পরীক্ষা করার সুযোগ রয়েছে। মানুষ জ¦র হলেই পরীক্ষা করতে এসেছে। তাই শনাক্তের সংখ্যা বেড়েছে। শনাক্ত বাড়লেও মৃত্যুর হার কম বলে জানান এই স্বাস্থ্য কর্মকর্তা।

সর্বশেষ সর্বাধিক পঠিত