ভক্তদের কাছে সৎ থাকতে চেয়েছি

জনপ্রিয় মডেল নিবিড় আদনান নাহিদ। মডেলিংয়ের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন যে কজন, তার মধ্যে অন্যতম তিনি। কাজ করছেন ভারতের অন্যতম জনপ্রিয় ‘টোবাহ ক্রিয়েটিভ এজেন্সি’র আওতায়। সমসাময়িক বিভিন্ন বিষয়ে তার সঙ্গে কথা বলেছেন মাসিদ রণ

 

আপনি এখন মুম্বাইয়ে কাজ করছেন। সেখানকার ব্যস্ততা নিয়ে জানতে চাই...

ভারতের অন্যতম জনপ্রিয় ‘টোবাহ ক্রিয়েটিভ এজেন্সি’র আওতায় কাজ করছি ছয় মাস ধরে। এরই মধ্যে সেখানে বেশ কিছু বিখ্যাত ব্র্যান্ডের ফটোশ্যুট ও ফ্যাশন শো করেছি। এখন দেশে আছি, ঈদের পর আবার মুম্বাই ফিরব। এত দিন শুধু মডেলিং নিয়ে ব্যস্ত থাকলেও এখন থেকে অন্যদিকেও নজর দেব। ওখানে যেকোনো কাজের জন্যই অডিশন দিতে হয়। প্রতিষ্ঠিত তারকারাও একই সিস্টেমের মধ্য দিয়ে যান। আমিও এবার টিভিসি ও বলিউডে কাজের জন্য অডিশন দেব। হয়তো শিগগিরই ভালো কোনো খবর দিতে পারব ভক্তদের।

দেশের বাইরে কাজের অনুভূতি কেমন?

আমি সৌভাগ্যবান যে, অল্প কিছু মডেলের মধ্যে আমি একজন যে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে পারছি আন্তর্জাতিক অঙ্গনে। তাই সব সময় একটা দায়িত্ব থাকে। এমন কিছু করতে চাই না, যা আমার দেশকে খাটো করে। সব মিলিয়ে দেশের বাইরে কাজ করাটা আমার কাছে অত্যন্ত গর্বের। এরই মধ্যে মুম্বাইয়ের ফ্যাশনবিষয়ক কাজ ছাড়াও দুবাইয়ের দুটি বিজ্ঞাপনের কাজ করেছি। একটি পারফিউমের, অন্যটি মেনস ফেয়ারনেস ক্রিমের।

দেশে ফিরে ঈদের কী কী কাজ করলেন?

মুম্বাইয়ে নিয়মিত ফ্যাশনবিষয়ক নানা আয়োজন হলেও আমাদের দেশে উৎসবের সময় শুধু বড় বড় ফ্যাশন শো হয়। তাই ঈদের সময় দেশে ফিরেছি। বেশ কিছু কাজও করেছি ঢাকায়। এরই মধ্যে রয়েছে ফ্যাশন ব্র্যান্ড সেইলরের বৈশাখের ফ্যাশন শো, জুরহেম ফ্যাশন শো, আড়ংয়ের ওয়েব টিভিসি ইত্যাদি। দেশে ভালো সিনেমার প্রস্তাব পেলে করতে চাই।

ফেইসবুকে আপনার বেশ কিছু সাহসী ছবি নিয়ে বেশ আলোচনা-সমালোচনা হয়েছে। এ বিষয়টিকে কীভাবে দেখেন?

আমি সব সময় চেষ্টা করি এমন কাজ না করতে, যা আমার দেশের সংস্কৃতির সঙ্গে বেমানান। তবে যে ছবিগুলো নিয়ে কথা উঠেছে, তা আসলে আমাকে করতেই হতো। কারণ একজন মডেলকে আন্তর্জাতিক অঙ্গনে কাজ করতে গেলে অবশ্যই পোর্টফোলিও করতে হয়। তার জন্য টপলেস বা একটু সাহসী ছবি তুলতেই হয়। কিন্তু আমি যদি চাইতাম কাউকে জানাব না, এ ধরনের কাজ করেছি, তাহলে কিন্তু ফেইসবুকে ছবিগুলো দিতাম না। আসলে আমি ভক্তদের কাছে সৎ থাকতে চেয়েছি। আমি কী কী ধরনের কাজ করতে পারি, তার কিছুটা ধারণা দেওয়ার জন্যই ছবিগুলো নিজের ইচ্ছায় পোস্ট করেছি। সুতরাং এ নিয়ে আমার কোনো জড়তা নেই।