মুম্বাই-চেন্নাইয়ের শ্বাসরুদ্ধকর ফাইনালে বাকরুদ্ধ মুস্তাফিজ

অবিশ্বাস্য এক ফাইনালে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে আইপিএলের দ্বাদশ আসরের শিরোপা নিজেদের করে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। টেলিভিশনের পর্দায় এই ফাইনাল লড়াই দেখে শিহরিত, বাকরুদ্ধ বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান।

হায়দরাবাদের রাজিব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে রোববার ফাইনালে চেন্নাইকে ১ রানে হারিয়ে চতুর্থবারের মতো আইপিএল শিরোপা জয়ের আনন্দে ভাসে মুম্বাই। দলটির করা ১৪৯ রানের জবাবে ৭ উইকেটে ১৪৮ রান করতে পারে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই। শেষ ওভারে অসাধারণ বোলিং করে মুম্বাইয়ের জয়ের নায়ক লাসিথ মালিঙ্কা।

শিরোপা জেতায় মুম্বাই ইন্ডিয়ান্স ও দলটির অধিনায়ক রোহিত শর্মাকে অভিনন্দন জানিয়েছেন গত আইপিএলে দলটির হয়ে খেলা বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজ।

শেষ ওভারে জয়ের জন্য ৯ রানের সমীকরণ দাঁড়ায় চেন্নাইয়ে সামনে। বল হাতে এলেন মালিঙ্গা। রান কম দেওয়ার পাশাপাশি শেষ বলে তুলে নিলেন উইকেট। এই লঙ্কান পেসারের শেষ ওভারের ঝলকে আইপিএল শিরোপার নিজেদের করে নেয় মুম্বাই!

রোমাঞ্চকর ফাইনাল দেখে টুইটারে নিজের মুগ্ধতার কথা জানিয়েছেন মুস্তাফিজ, “বাকরুদ্ধ! কিভাবেই না তারা চ্যাম্পিয়ন হলো। দুর্দান্ত এক থ্রিলার! শেষ ওভারে দারুণ বোলিং করেছেন জাসপ্রিত বুমরাহ ও মালিঙ্গা! রোহিত শর্মা এবং মুম্বাই ইন্ডিয়ান্সকে আরেকটি মুকুটের জন্য অভিন্দন।”

তার অভিনন্দনের জবাব দিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সও। তাকে ধন্যবাদ জানিয়ে রিটুইট করেছে দলটি।