ঝালকাঠিতে এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। সোমবার সকাল আটটার দিকে জেলার রাজাপুর উপজেলার সাতুরিয়া এলাকায় এঘটনা ঘটে।
ধর্ষণের শিকার ছাত্রী (১৩) উপজেলার উত্তর-পশ্চিম লেবুবুনিয়া দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্রী।
এ ঘটনায় অভিযুক্ত নুর আলম ও রাকিবকে আটক করেছে পুলিশ। নুর আলম উপজেলার নৈকাঠি গ্রামের আফছের কাগজীর ছেলে ও রাকিব উপজেলার সাতুরিয়া এলাকার মাহে আলম হাওলাদারের ছেলে।
ধর্ষণের শিকার মাদ্রাসা ছাত্রীর বরাত দিয়ে পুলিশ জানায়, মাদ্রাসায় যাওয়া আসার পথে প্রায়ই কুপ্রস্তাব দিয়ে আসছিল স্থানীয় বখাটে নুর আালম ও রাকিব।
সোমবার সকাল ৮টায় প্রাইভেট পড়তে যাওয়ার জন্য তার বান্ধবী মিম আক্তারের বাসা থেকে ফেরার পথে বখাটে নুর আলম তার মুখে রুমাল চেপে ধরে পাশেই নুর আলমের খালি ঘরে নিয়ে যায় এবং নুর আলম তাকে ধর্ষণ করে। আর এ কাজে নুর আলমকে সহযোগিতা করে রাকিব নামের আরেক যুবক।
এ সময় ওই ছাত্রী অচেতন হয়ে পড়ে। পরে জ্ঞান ফিরলে ওই ছাত্রী কৌশলে পালিয়ে এসে স্থানীয়দের কাছে ঘটনাটি জানায়। ঘটনার পর পর স্থানীয়রা নুর আলমকে আটক করতে সক্ষম হলেও রাকিব পালিয়ে যায়। পরে পুলিশ বিকেল সাড়ে তিনটার দিকে স্থানীয়দের সহায়তায় রাকিবকে আটক করে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে রাজাপুর কাঠালিয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শাখাওয়াত হোসেন বলেন, ধর্ষণের শিকার ছাত্রীর বাবা বাদী হয়ে রাজাপুর থানায় মামলা দায়ের করেছেন। নির্যাতিতা ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য ঝালকাঠি হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।