দিনাজপুরে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি আটক

দিনাজপুরে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) অভিযান চালিয়ে চাঞ্চল্যকর ৯ বছরের শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি আরিফুল ইসলাম (১৬) কে আটক করেছে।

গত রোববার  দিবাগত রাতে বিরল উপজেলায় অভিযান চালিয়ে ধর্ষক আরিফুলকে আটক করে র‌্যাব। আটক আরিফুল ইসলাম বিরল উপজেলার কাজীপাড়া বিলাইমারী গ্রামের মো. নওশেদ আলীর ছেলে।

সোমবার  দিনাজপুর র‌্যাব-১৩ কার্যালয়ের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক এএসপি সিদ্দিক আহমদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তিনি জানান, গত ৮ মে বিরল উপজেলার কাজিপাড়া বিলাইমারী গ্রামের দরিদ্র ভ্যান চালকের ৯ বছর বয়সী শিশুকন্যাকে প্রতিবেশী মো. নওশেদ আলীর বখাটে পুত্র মো. আরিফুল ইসলাম (১৬) শিশুটিকে প্রলোভন দেখিয়ে বাড়ির পার্শ্বের ভূট্টা ক্ষেতে নিয়ে ধর্ষণ করে।

ধর্ষিত মেয়েটি ব্যথায় কান্নাকাটি করলে ধর্ষক আরিফুল ইসলাম ধর্ষণের পর শিশুটিকে ভয়ভীতি দেখিয়ে পাশে থাকা নদীতে নিয়ে পানিতে চুবায়। ঘটনার পর শিশুটির এক প্রতিবেশী বিষয়টি জানতে পারলে ভিকটিমকে উদ্ধার করে তার পরিবারের কাছে নিয়ে যায়।

পরবর্তীতে পরিবারের লোকজন ভিকটিমকে চিকিৎসার জন্য বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

এই ঘটনায় গত ৮ মে ভিকটিমের মা বাদী হয়ে বিরল থানায় ধর্ষক আরিফুল ইসলামকে আসামি করে একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

গ্রেপ্তার এড়াতে আসামি আরিফুল ইসলাম আত্মগোপনে থাকে এবং ঘন ঘন অবস্থান পরিবর্তন করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরিফুল ইসলাম ঘটনার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে বলে জানায় র‌্যাব।