মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দড়গ্রাম ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক সেলিম হোসেনকে (২৭) ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার বেলা ১১টার দিকে দড়গ্রাম তেবারিয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সাটুরিয়া থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সেলিমের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে পাঁচটি ইয়াবা উদ্ধার করা হয়। ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন বলেন, মাদক সেবন ও বিক্রির সঙ্গে যেই জড়িত থাকুক না কেন তাকে কোনো ছাড় দেওয়া হবে না। সেলিমের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।