ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে সহসম্পাদক পদ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক আখতারুজ্জামানের ছেলে আশিক খান। ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী এ তথ্য নিশ্চিত করেছেন। কেন্দ্রীয় কাউন্সিলের প্রায় এক বছর পর গতকাল সোমবার ছাত্রলীগের ৩০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রকাশ করা হয়।
কমিটিতে সহসম্পাদক পদ পেয়ে ভিসিপুত্র আশিক খান বলেন, ‘খুবই ভালো লাগছে। ছাত্রলীগের সবার প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি সবার দোয়া চাই।’
ছাত্রলীগের সর্বশেষ দুদিনব্যাপী সম্মেলন হয় ২০১৮ সালের ১১ ও ১২ মে। এর প্রায় দেড় মাস পর গত বছরের ৩১ জুলাই শোভনকে ছাত্রলীগের সভাপতি ও রাব্বানীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। ওইদিন গণভবন থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তাদের নাম ঘোষণা করেন।
একই দিন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক এবং ঢাকা মহানগরীর দুটি ইউনিটের সভাপতি-সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়।
তারপর ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি না হওয়ায় ১৫ এপ্রিল আওয়ামী লীগের চার কেন্দ্রীয় নেতাকে গণভবনে ডেকে দ্রুত কমিটি ঘোষণার নির্দেশ দেন শেখ হাসিনা। এরপর গতকাল কমিটি ঘোষণা হলো।