কলেজছাত্রী স্কুলছাত্র ‘পাঠাও’ চালকসহ সড়কে নিহত ৮

পরীক্ষা দিতে যাওয়ার পথে টাঙ্গাইলের দেলদুয়ারে দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে শামিমা আক্তার বিথী (১৮) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। গতকাল সোমবার সকাল ১০টার দিকে উপজেলার আটিয়া মাজার রোড মোড়ে এ দুর্ঘটনা ঘটে। তিনি উপজেলার দেউলি ইউনিয়নের ঝুনকাই গ্রামের শওকত মল্লিকের মেয়ে এবং আটিয়া মহিলা মহাবিদ্যালয়ে বিজ্ঞান বিভাগের একাদশ শ্রেণির ছাত্রী। এদিকে বিথীর নিহতের খবর শোনার পর কলেজের

শিক্ষার্থীরা টাঙ্গাইল-এলাসিন সড়কের সিলিমপুরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ চালায়।

এদিন সকালে যশোরের সাতমাইলে প্রাইভেট পড়ে ফেরার পথে ট্রাকের ধাক্কায় ইমতিয়াজ হোসেন (১৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। সে সাতমাইল বাজারের এলাকার জুলফিকার আলীর ছেলে ও আবদুল বারী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। গতকাল চট্টগ্রামের বাকলিয়ায় বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে মোবাইল অ্যাপভিত্তিক মোটরসাইকেল যাত্রী সেবাদাতা প্রতিষ্ঠান ‘পাঠাও’-এর এক চালক নিহত হয়েছেন। এদিন সকালে রাজশাহীর মোহনপুরে ধানবোঝাই ট্রাক উল্টে দুজন নিহত হন। সকালে চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় বুদ্ধিপ্রতিবন্ধী অজ্ঞাত এক নারী নিহত হন। এছাড়া গত রবিবার সন্ধ্যায় নেত্রকোনায় পৃথক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। বিস্তারিত নিজস্ব প্রতিবেদক, ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর :

টাঙ্গাইলের দেলদুয়ার থানার ওসি সাইদুল হক ভূঁইয়া বলেন, দেলদুয়ার থেকে ছেড়ে আসা টাঙ্গাইলগামী একটি সিএনজি উপজেলার আটিয়া মোড়ে এলাকায় পৌঁছলে আরেকটি সিএনজির সঙ্গে এটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কলেজছাত্রী বিথী নিহত হন। দুর্ঘটনায় আহত দুজনকে জেলার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সেখানেই পাঠানো হয়েছে। বিথী টাঙ্গাইল থেকে আটিয়া মহিলা মহাবিদ্যালয়ে কলেজের পরীক্ষা দেওয়ার জন্য যাচ্ছিলেন। ওসি বলেন, সহপাঠী সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার খবর পেয়ে বেলা ১১টার দিকে কলেজের শত শত শিক্ষার্থী টাঙ্গাইল-এলাসিন সড়কের সিলিমপুরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ চালায়।

এদিকে যশোরে নিহত স্কুলছাত্রের ভাই ইমরান জানান, গতকাল সকালে ইমতিয়াজ প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিল। এ সময় সাতমাইল বাজারে যশোর থেকে ঝিনাইদহমুখী একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জরুরি বিভাগের চিকিৎসক কল্লোল কুমার সাহা জানান, হাসপাতালে আনার আগেই ছেলেটির মৃত্যু হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।

এদিকে চট্টগ্রামের বাকলিয়া থানার ওসি নেজামউদ্দিন জানান, সকালে পুরাতন বাকলিয়া থানা এলাকায় মার্শা পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মোবাইল অ্যাপভিত্তিক মোটরসাইকেল যাত্রী সেবাদাতা প্রতিষ্ঠান ‘পাঠাও’চালক আজাদ (৩০) নিহত হন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন যাত্রী ইমরান (২৭)। আজাদ উপজেলার কালামিয়া বাজার এলাকার আবুল কাশেমের ছেলে। ওসি বলেন, মার্শা পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে যায়। তাকে আটকে অভিযান চলছে।

রাজশাহীর মোহনপুর থানার ওসি আবুল হোসেন জানান, গতকাল সকালে ধানবোঝাই একটি মিনি ট্রাক নওগাঁ থেকে রাজশাহীর দিকে যাচ্ছিল। ট্রাকটি মোহনপুর মেডিকেল মোড়ে আসার পর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে কুষ্টিয়ার দৌলতপুর এলাকার পলান সরকারের ছেলে মোহন সরকার (২৮) ও তার চাচাতো ভাই রাশেদ আলী (২৩) মারা যান। দুর্ঘটনায় আহতরা হলেন একই এলাকার শাহজাহানের ছেলে শফিকুল ইসলাম (৩২) ও জামাল সরকারের ছেলে সাগর হোসেন (২০)।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খান জানান, গতকাল ভোরে উপজেলার জফরপুর মোড় এলাকায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত (৪০) এক প্রতিবন্ধী নারী নিহত হয়েছেন। স্থানীয়রা জানিয়েছে, প্রায় ৪০ বছর বয়সী বুদ্ধিপ্রতিবন্ধী ওই নারীকে কয়েক দিন ধরেই তারা শহরের বিভিন্ন স্থানে দেখেছে। ওসি বলেন, ধারণা করা হচ্ছে ঢাকা থেকে চুয়াডাঙ্গাগামী কোনো নৈশকোচের ধাক্কায় ওই নারীর মৃত্যু হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে নেত্রকোনা মডেল থানার ওসি তাজুল ইসলাম জানান, গত রবিবার সন্ধ্যায় কলমাকান্দা উপজেলার গোবিন্দপুর গ্রামের অচিন্ত হাজং (৩৫) মোটরসাইকেলে বাজারের যাচ্ছিলেন। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে তিনি আহত হন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এছাড়া সন্ধ্যায় নেত্রকোনা পারলা আন্তঃজেলা বাস টার্মিনাল থেকে মহুয়া গেটলক নামক একটি বাস ময়মনসিংহের দিকে যাচ্ছিল। বাসটি সাকুয়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির সঙ্গে এর সংঘর্ষ হয়। এতে চালকসহ পাঁচজন আহত হন। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়। সেখানে আবদুল্লাহ আল মামুন নামে একজন মারা যান।