খাগড়াছড়ি জেলা সদরের ভাইবোন ছড়ার বড়পাড়া গ্রামে এক ত্রিপুরা কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরের খাগড়াছড়ি সদরের ভাইবোনছড়া ইউনিয়নের দুর্গম এলাকা বড়পাড়া গ্রাম থেকে পুলিশ ধনিতা ত্রিপুরা(১৭) নামে এক কিশোরীর লাশ উদ্ধার করে পুলিশ। সে বড়পাড়া গ্রামের নলমোহন ত্রিপুরার মেয়ে।
পুলিশের ধারণা বাড়িতে একা পেয়ে প্রতিবেশী ৩ যুবক তাকে রাতে ধর্ষণের পর বালিশ চেপে মেরে ফেলেছে।
নিহত ধনিতা ত্রিপুরার মা বাবা চিকিৎসার জন্য পার্শ্ববর্তী উপজেলা দীঘিনালা গেলে ধনিতাকে বাড়িতে একা পেয়ে ধর্ষণের পর মেরে ফেলা হয় বলে ধারণা করছে এলাকাবাসী ও পুলিশ।
এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে পুলিশ কম্বল ত্রিপুরা (১৮), রুমেন ত্রিপুরা (১৯), কিরণ ত্রিপুরা (১৮) নামে তিন যুবককে আটক করেছে।
৫নং ভাইবোন ছড়া ইউনিয়নের চেয়ারম্যান পরিমল ত্রিপুরা জানান ধনিতার বাবা মা চিকিৎসা করার জন্য দীঘিনালা গেলে ধনিতা ত্রিপুরা বাড়িতে একা ছিল। এ সুযোগে তাকে বাড়িতে একা পেয়ে হত্যা করে ফেলে যায় দুর্বৃত্তরা। তিনি ধারণা করেন তাকে ধর্ষণের পর বালিশ মুখে চেপে ধরে হত্যা করা হয়েছে।
খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার এমএম সালাউদ্দিন জানান হত্যার সাথে জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। আর ধনিতা ত্রিপুরার লাশ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের পর পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে বলে জানায় পুলিশ।