গত পাঁচ মাসের বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন নারায়ণগঞ্জের ফতুল্লার প্যারাডাইস কেব্লসের চার শতাধিক শ্রমিক। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে ফতুল্লার শিবু মার্কেট সংলগ্ন ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করে শ্রমিকরা বিক্ষোভ করেন। এ সময় তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে দেড় ঘণ্টা পর ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে বেতন আদায়ের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেন।
শ্রমিকদের নেতৃত্ব দেওয়া ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্ট ওয়ার্কার্স জেলা কমিটির সাধারণ সম্পাদক রাজু আহমেদ সাংবাদিকদের জানান, ফতুল্লার কুতুবআইলে অবস্থিত প্যারাডাইস কেব্লে কর্মরত শ্রমিকদের গত পাঁচ মাস ধরে কোনো বেতনভাতা দেওয়া হচ্ছে না। মালিকপক্ষ দিই-দিচ্ছি করে বেতন দিচ্ছেন না। এতে বাধ্য হয়ে শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। ঈদের আগে বেতনভাতা পরিশোধ না করলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শ্রমিকরা। ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন দেশ রূপান্তরকে জানান, শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে পুলিশ যান চলাচল স্বাভাবিক করে।
এ ব্যাপারে জানার জন্য প্যারাডাইস কেব্লসের প্রধান কার্যালয়ে ফোনে যোগাযোগ করা হলে কেউ ফোন রিসিভি করেননি।