কেবল ব্যবসায়ীদের তার গুছিয়ে রাখার নির্দেশ বিসিসির

নগরীর সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানকে তাদের তার গুছিয়ে রাখার নির্দেশ দিয়েছে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি)। গত সোমবার সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ নগরের বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে এ নির্দেশনা দেন।

নির্দেশনা নোটিসে বলা হয়েছে, বরিশাল সিটি করপোরেশনের বিভিন্ন এলাকায় কেব্ল ব্যবসায়ী, বিশেষ করে ইন্টারনেট, ডিশ ও টেলিফোন ব্যবসায়ীরা এলোমেলোভাবে তাদের কোম্পানির কেব্ল সংযোগ দেওয়ায় বিভিন্ন সময় দুর্ঘটনা ঘটছে। এ কারণে নগরের সৌন্দর্যও নষ্ট হচ্ছে। তাই নগরের সৌন্দর্য রক্ষায় ও জনস্বার্থে ব্যবসায়ীদের কেব্লগুলো নিজ দায়িত্বে পরিকল্পিতভাবে গুছিয়ে সংযোগ দেওয়ার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করা হলো। নির্দেশ অমান্যকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে মেয়র বলেন, ‘বরিশাল নগরের সদর রোডসহ গুরুত্বপূর্ণ এলাকায় বৈদ্যুতিক খুঁটির সঙ্গে যত্রতত্র তার ঝুলে আছে। এতে অনেক সময় দুর্ঘটনার শিকার হচ্ছেন সাধারণ মানুষ। বিক্ষিপ্তভাবে তার দিয়ে সংযোগ দেওয়ায় নগরের সৌন্দর্য নষ্ট হচ্ছে। তাই সব প্রতিষ্ঠানকে তাদের তার গুছিয়ে রাখতে বলা হয়েছে।’