ভারতে বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশি পণ্যে অ্যান্টি ডাম্পিং ডিউটি প্রত্যাহারের অনুরোধ

বাংলাদেশি পণ্যের ওপর ভারতের আরোপ করা অ্যান্টি ডাম্পিং শুল্ক প্রত্যাহার করতে অনুরোধ করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

এছাড়া, বাংলাদেশ থেকে আরও বেশি পরিমাণ তৈরি পোশাক নিতে দেশটির প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। ভারত সফরে থাকা বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি দেশটির বাণিজ্য, শিল্প

ও বেসামরিক বিমান চলাচলমন্ত্রী সুরেশ প্রভুর সঙ্গে বৈঠকে এ আহ্বান জানান।

বাংলাদেশে আরও বেশি ভারতীয় বিনিয়োগের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, দুই দেশের মধ্যে বড় ধরনের ব্যবসায়িক অংশীদারিত্বের ভিত্তি স্থাপন করা সম্ভব। এর আগে নয়াদিল্লিতে অনুষ্ঠিত ডাব্লিউটিও মিনিস্ট্রিয়াল মিটিং অব ডেভেলপিং কান্ট্রিজ-এর দু’দিনব্যাপী অনুষ্ঠানে যোগ দেন মন্ত্রী।

সেখানে তিনি বলেন, ২০২৪ সালে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হবে।

তখন বিশ্ববাণিজ্যের চ্যালেঞ্জ মোকাবেলায় বিশ্ব বাণিজ্য সংস্থা বা ডব্লিউটিওর সহযোগিতা দরকার হবে বাংলাদেশের। বিশ্ববাণিজ্য নেগোসিয়েশনে এলডিসিভুক্ত দেশগুলোর সক্রিয় অংশগ্রহণ

প্রয়োজন। বহুপক্ষীয় বাণিজ্য ব্যবস্থায় চলমান সমস্যাগুলো চিহ্নিত করাসহ তা সমাধানে করণীয় নির্ধারণে ডাব্লিউটিওকে বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে। নয়াদিল্লির ওই বৈঠকে যোগ দিতে টিপু মুনশি গত ১১ মে ঢাকা ত্যাগ করেন। আজ তার দেশে ফেরার সম্ভাবনা রয়েছে।