শর্ট সেল চালু হচ্ছে

পুঁজিবাজারে শেয়ার কেনাবেচায় শর্ট সেল চালু করতে এ-সংক্রান্ত বিধিমালার চূড়ান্ত অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গতকাল বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (শর্ট সেল) রুলস, ২০১৯-এর খসড়া বিধিমালার ওপর জনমত যাচাই শেষে সংশোধন সাপেক্ষে তা অনুমোদন দেওয়া হয়েছে। এ বিধিমালাটি শিগগির গেজেট আকারে প্রকাশ করা হবে।

শর্ট সেল হচ্ছে বিনিয়োগকারীর কাছে কোনো কোম্পানির শেয়ার না থাকা সত্ত্বেও অথবা কম শেয়ার থাকা সত্ত্বেও তারচেয়ে বেশি পরিমাণ শেয়ার বিক্রি করা। বর্তমানে এই ধরনের শেয়ার বিক্রি তথা শর্ট সেল নিষিদ্ধ। এ আইন সংক্রান্ত গেজেট প্রকাশের পর শর্ট সেল আর অবৈধ থাকবে না।

এ ছাড়া গতকালের কমিশন সভায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (ইনভেস্টমেন্ট সুকুক) রুলস, ২০১৯ ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এক্সচেঞ্জ ট্রেডেড ডেরিভেটিভস) রুলস ২০১৯-এর চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এ দুটি বিধিমালাও খুব শিগগির গেজেট আকারে প্রকাশের কথা জানিয়েছে বিএসইসি।