নোয়াখালীর সুবর্ণচরে গত বছরের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের রাতে দল বেঁধে ধর্ষণের শিকার নারীর পরিবারকে এলাকাছাড়া করার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। ওই নারী দেশ রূপান্তরের কাছে এমন অভিযোগ করেন।
ভুক্তভোগীর অভিযোগ, গত শনিবার গভীর রাতে কারাগারে থাকা ধর্ষণ মামলার আসামি চৌধুরী মিয়ার ভাই ছায়েদসহ আরও তিন-চারজন তাদের বাড়ির পশ্চিম দিক থেকে হামলা চালানোর চেষ্টা করে। ওই সময় তাদের চিৎকারে স্থানীয় লোকজন লাঠি নিয়ে চারদিক থেকে ছুটে এলে হামলা করতে আসা লোকজন পালিয়ে যায়। এর আগেও এলাকার বাবর আলীর ছেলে জনু মাঝি, আবুল কালাম তার (নারী) ছেলেমেয়েদের বাড়ি থেকে তুলে নিয়ে গুমের হুমকি দেয়।
ওই নারীর দাবি, তার স্বামী জেলা জজ আদালতে গেলে ধর্ষণের হোতা হিসেবে পরিচিত রুহুল আমিনের ক্যাডার ডা. সোহেল, নুর আহমদ, জসিম উদ্দিন সাবু, একরাম হুমকি দিয়ে বলে, মামলা প্রত্যাহার করা না হলে তাদের এলাকাছাড়া করা হবে।
এ বিষয়ে চরজব্বর থানার ওসি সাহেদ হোসেন ও পরিদর্শক (তদন্ত) ইব্রাহিম খলিল জানান, হুমকিধমকির খবর তারা শুনেছেন। চরজব্বর পুলিশের টহল দল ওই নারীর পরিবারের নিরাপত্তায় সবসময় সজাগ রয়েছে। তবে ওই নারীর স্বামী জানান, তিনি ও তার পরিবার সবসময় নিরাপত্তাঝুঁকিতে রয়েছেন। তিনি সিএনজিচালিত অটোরিকশাচালক। অথচ সন্ধ্যার আগেই আতঙ্কে তাকে বাড়ি ফিরে যেতে হয়। তিনি দুঃখ করে বলেন, তার স্ত্রীকে পুনর্বাসনের প্রতিশ্রুতি দেওয়া হলেও এখনো তার বাস্তবায়ন হয়নি। এ বিষয়ে নোয়াখালী জেলা প্রশাসক তন্ময় দাস জানান, ওই নারীসহ দুজনকে পুনর্বাসনের জন্য দুটি সরকারি ভূমি চিহ্নিত করা হয়েছে। শিগগির তাদের পুনর্বাসন করা হবে।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের রাতে ধর্ষণের ঘটনাটি নিয়ে সারা দেশে তোলপাড় হয়। সে সময় ধর্ষণের শিকার নারী অভিযোগ করেছিলেন, সাবেক আওয়ামী লীগ নেতা রুহুল আমিনের নির্দেশ অমান্য করে ধানের শীষে ভোট দেওয়ায় তার সহযোগীরা তাকে ধর্ষণ করে। সে রাতে বেছু, সোহেল, স্বপন, বাসু ওরফে কুড়াইল্যা বাসু, জসিম উদ্দিন, হাসান আলী ভুলু, বাদশা আলম ওরফে বাসু, সোহেল, সালাউদ্দিন মুরাদ ও আবুল তাদের বাড়িতে হামলা চালায়। রুহুলের লোকজন তার স্বামী, দুই ছেলে ও এক মেয়ের মুখ হাত-পা বেঁধে রেখে তাকে দল বেঁধে ধর্ষণ করে। পরের দিন প্রতিবেশীদের সহযোগিতায় তিনি নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি হন।
ধর্ষণের ঘটনায় করা মামলায় ১৬ আসামির মধ্যে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি তিনজন পলাতক আছে। ওই ১৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।