অবৈধভাবে ইতালি যাওয়ার পথে তিউনিসিয়ার উপকূলে নৌকা ডুবে প্রাণহানির ঘটনার পর সিলেটে মানব পাচারকারীদের বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। গতকাল মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো অবৈধ ট্রাভেল এজেন্সিতে অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম। অভিযানকালে নগরীর মহাজনপট্টিসহ বিভিন্ন এলাকার ৮টি ট্রাভেল এজেন্সিকে নানা অনিয়মের কারণে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম জানান, ট্রাভেল এজেন্সির অবৈধ কর্মকাণ্ড বন্ধে এমন অভিযান অব্যাহত থাকবে। যাতে পাচারকারিদের খপ্পরে পড়ে মানুষের জীবন বিপন্ন না হয়।
উল্লেখ্য, গত সোমবার নগরীর ২৪টি ট্রাভেল এজেন্সিকে পৌনে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছিল। এছাড়া ৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়।
দালালদের মাধ্যমে সাগরপথে ইতালি যাওয়ার পথে তিউনিসিয়ার উপকূলে নৌকা ডুবে সিলেট অঞ্চলের অন্তত ২০ তরুণের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সিলেট নগরীর রাজা ম্যানশনের ইয়াহিয়া ওভারসিজ এদের অনেককে অবৈধপথে ইতালি পাঠানোর ব্যবস্থা করেছিল। নৌকাডুবির ঘটনার পর থেকে অফিসে তালা দিয়ে এর মালিক এনামুল হক পলাতক রয়েছেন।