শ্রীলঙ্কায় কারফিউর মধ্যেই সহিংসতা নিহত ১

দেশজুড়ে চলমান কারফিউর মধ্যেই শ্রীলঙ্কায় মুসলিমবিরোধী সহিংসতায় রাজধানী কলম্বোর উত্তর-পশ্চিমাঞ্চলীয় কিনিয়ামা শহরে এক ব্যক্তি নিহত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। গত সোমবার রাতে ৪৫ বছর বয়সী ওই মুসলিম কাঠমিস্ত্রিকে তার নিজের কারখানায় ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে একদল হামলাকারী। গত রবিবার  এক ফেইসবুক পোস্টকে কেন্দ্র করে সেখানে মুসলিমবিরোধী দাঙ্গা শুরু হয়। পুতালাম জেলায় এক কাঠমিস্ত্রি তার নিজের কর্মস্থলেই দুর্বৃত্তদের হামলার হয়েছে। একজন নিরাপত্তা কর্মকর্তাকে উদ্ধৃত করে এএফপি জানিয়েছে, ‘সংঘাতকারীরা সংঘবদ্ধ হয়ে তার কারখানায় গিয়ে ধারালো অস্ত্র ব্যবহার করে তাকে রক্তাক্ত করে। হাসপাতালে নেওয়ার অল্প সময়ের মধ্যে ওই ব্যক্তির মৃত্যু হয়।’

উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশের মারাউয়িলি হাসপাতাল থেকে এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ছুরিকাহত ৪২ বছর বয়সী এক ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করার পর তার মৃত্যু হয়। স্থানীয় এক বাসিন্দা, যিনি ছুরিকাহত ওই ব্যক্তিকে হাসপাতালে নিতে সাহায্য করেছেন, নিহতের নাম মোহাম্মদ আমির মোহাম্মদ সালি বলে জানিয়েছেন। 

প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে শান্তি বিঘœকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে নিরাপত্তা বাহিনীগুলোকে ক্ষমতা দিয়েছেন বলে জানা যায়।

চিলাউ শহরে তিনটি মসজিদ ও মুসলিম মালিকানাধীন কয়েকটি দোকানে খ্রিস্টানদের হামলার পর দেশজুড়ে এই মুসলিমবিরোধী সহিংস উত্তেজনা ছড়িয়ে পড়ে। গত সোমবার পুলিশ দেশজুড়ে ছয় ঘণ্টার কারফিউ জারি করার ঘোষণা দেয়। তবে কারফিউ ভেঙেই সেখানে সহিংস তাণ্ডব চালানো হয়। উদ্বিগ্ন অনেক মুসলিম বাড়িতেই অবস্থান করছেন। সোমবার দুপুর ২টা থেকে আঞ্চলিক কারফিউ জারি করা সত্ত্বেও তরুণরা, যাদের অনেকের হাতেই রড, মোটরসাইকেলে চারপাশে টহল দিতে দেখা যায়।

কিনিয়ামায় একটি মসজিদের দরজা-জানালা ভাঙচুর করেছে হামলাকারীরা। এই ঘটনার আগে মসজিদের নিকটস্থ একটি জলাশয়ে অস্ত্র আছে কি না সেই বিষয়ে অনুসন্ধান করতে অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ইস্টার সানডেতে দেশটির তিনটি গির্জা ও কয়েকটি হোটেলে সিরিজ বোমা হামলায় ২৫৩ জন নিহত হয়েছিল। হামলার দায় স্বীকার করে জঙ্গিগোষ্ঠী আইএস। হামলাকারীরা সবাই শ্রীলঙ্কার মুসলিম সম্প্রদায়ের তরুণ। দেশটিতে মুসলিমবিদ্বেষের ধারাবাহিকতায় গত রবিবার ফেসবুকে শুরু হওয়া বিরোধের জেরে রাজধানী কলম্বোর উত্তরের কয়েকটি জেলায় মুসলিমবিরোধী সহিংসতা ছড়িয়ে পড়ে।