মাদ্রাসাছাত্রী ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ১৩ বছরের এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। গতকাল মঙ্গলবার ভোরে উপজেলার শীলকূপ ইউনিয়নের মনকিরচর মহল্লাপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শিক্ষক মো. ফয়জুল্লাহ (২০) বাঁশখালীর শীলকূপ ইউনিয়নের মাওলানা আবুল কাশেমের ছেলে বলে জানিয়েছে র‌্যাব।

ঠাকুরগাঁওয়ে বড়গাঁও ইউনিয়নে এক গৃহবধূকে (৩০) দল বেঁধে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত সোমবার এ ঘটনার পর গতকাল মঙ্গলবার বিষয়টি জানাজানি হয়। হাসপাতালের চিকিৎসক রোকেয়া সাত্তার বলেন, ‘বিভিন্ন আলামত সংগ্রহ করার পর সেগুলো পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠানো হয়েছে।’

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল সকালে স্কুলছাত্রী বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা করেছে। পুলিশ রনি এবং তার সহযোগী হৃদয় ও রাসেল মিয়াকে গ্রেপ্তার করেছে। পরে তাদের সাত দিনের রিমান্ড চেয়ে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। বিস্তারিত ব্যুরো অফিস ও প্রতিনিধিদের পাঠানো খবর :

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ১৩ বছরের এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষক ফয়জুল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাশকুর রহমান। তিনি জানান, প্রতিদিন মাদ্রাসা ছুটির পর বিকেলে ফয়জুল্লাহর কাছে প্রাইভেট পড়ত সপ্তম শ্রেণির ওই মাদ্রাসাছাত্রী ও কয়েকজন। গত ২৪ এপ্রিল পশ্চিম চাম্বলের ওই মাদ্রাসায় সবাইকে ছুটি দেওয়ার পর ওই ছাত্রীকে বসিয়ে রাখে। পরে ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে সে। ঘটনার দিন নির্দিষ্ট সময় পার হওয়ার পরও ওই ছাত্রী বাড়িতে না ফেরায় তার মা ও চাচি মাদ্রাসায় যান। যাওয়ার পর কান্নারত ওই ছাত্রী তাদের কাছে শিক্ষক ফয়জুল্লাহ তাকে ধর্ষণ করেছে বলে জানায়।

র‌্যাবের এই কর্মকর্তা আরও জানান, মাদ্রাসার পরিচালক মাহমুদুল্লাহ ধর্ষক ফয়জুল্লাহর নিকটাত্মীয় হওয়ায় ঘটনাটি মধ্যস্থ করার চেষ্টা চালান। ২৫-২৭ এপ্রিল এজন্য ইউনিয়ন পরিষদের সদস্যদের উপস্থিতিতে দুদফা বৈঠক হয়। কিন্তু কোনো সুরাহা না হওয়ায় গত সপ্তাহে মেয়ের মা চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন। আদালত মেয়েটির ডাক্তারি পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠালে প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়ায় বাঁশখালী থানায় ১ মে মামলাটি রেকর্ড করা হয়।

তিনি আরও জানান, এ ঘটনার পর ফয়জুল্লাহ পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে নিজ বাড়ি মহল্লাপাড়া থেকে গ্রেপ্তার করা হয়। ধর্ষক ফয়জুল্লাহকে বাঁশখালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাব কর্মকর্তা মো. মাশকুর রহমান।

ঠাকুরগাঁওয়ে বড়গাঁও ইউনিয়নে চিকিৎসাধীন ওই গৃহবধূ অভিযোগ করে জানান, বেশ কিছুদিন ধরে প্রতিবেশী হারুন-অর-রশিদ ও তার তিন বন্ধু ময়নুল, শাহীন ও খয়রুল ইসলাম উত্ত্যক্ত করে আসছিল। সোমবার ভোরে তারা শোবার ঘরে দরজা কেটে ঘরে ঢোকে। এরপর চারজন মিলে হাত-পা ও মুখ চেপে ধরে পালাক্রমে ধর্ষণ করে।

সদর থানার ওসি আশিকুর রহমানকে বলেন, এ বিষয়ে এখনো লিখিত অভিযোগ আসেনি। এলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ধর্ষণের শিকার স্কুলছাত্রীর বরাত দিয়ে রূপগঞ্জ থানার উপপরিদর্শক সোহেল সিদ্দিকী দেশ রূপান্তরকে জানান, চার বছর আগে রূপগঞ্জের বরপা রসুলপুর এলাকার রনি মিয়ার সঙ্গে ওই ছাত্রীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ৮ মে বিকেলে রনি ওই ছাত্রীকে জানায়, তার মা গুরুতর অসুস্থ, তাকে দেখতে চায়। এরপর ওই ছাত্রী ঢাকার লালবাগ থানার ভাগালপুর লেনের বাসা থেকে সিএনজিযোগে এসে রনির সঙ্গে দেখা করে। একপর্যায়ে রনি সুকৌশলে তাকে তার মার ওখানে না নিয়ে রসুলপুর এলাকার খান ডাক্তারে বাড়ির নিচতলার রুমে নিয়ে ধর্ষণ করে। এ সময় পাহারায় ছিল তার দুই বন্ধু হৃদয় ও রাসেল।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ হাসান দেশ রূপান্তরকে বলেন, ‘গতকাল সকালে রসুলপুর এলাকায় অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।’