গোদাগাড়ীতে ঘুষের টাকাসহ সমবায় কর্মকর্তা আটক

রাজশাহীর গোদাগাড়ী উপজেলা সমবায় কর্মকর্তা নৃপেন্দ্রনাথ দাসকে ঘুষের টাকাসহ হাতেনাতে আটক করেছে দুদক কর্মকর্তারা। গতকাল মঙ্গলবার দুপুরে তাকে আটকের পর পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এ ঘটনায় গোদাগাড়ী মডেল থানায় মামলা হয়েছে। দুদকের রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আলমগীর হোসেন জানান, গোদাগাড়ী সরমংলা একতা মৎস্যচাষি সমবায় সমিতির নাম নিবন্ধন করতে গেলে সমবায় কর্মকর্তা নৃপেন্দ্রনাথ দাস ঘুষ দাবি করেন। দুই দফায় ঘুষ নিয়েছেন তিনি। এ বিষয়ে দুদকে অভিযোগ করেন সমিতির সভাপতি আবদুল বাতেন। অভিযোগে বলা হয়, সমিতির নাম নিবন্ধনভুক্ত করতে সমবায় কর্মকর্তা নৃপেন্দ্রনাথ দাস ১৫ হাজার টাকা ঘুষ দাবি করেন। তার চাহিদামতো দুই দফায় ৭ হাজার টাকা দেওয়া হয়েছে। বাকি ৮ হাজার টাকার জন্য নৃপেন্দ্রনাথ কাজ করে দেননি। পাশাপাশি এই টাকা দেওয়ার জন্য চাপ দিতে থাকেন। অভিযোগ আমলে নিয়ে দুদক থেকে বিশেষ টিম গঠন করা হয়। এরপরই তাকে ধরতে ফাঁদ পাতে তারা।

গতকাল দুপুরে সমবায় কর্মকর্তা নৃপেন্দ্রনাথ দাসের দাবি অনুযায়ী ঘুষ দিতে তার কার্যালয়ে যান সরমংলা একতা মৎস্যচাষি সমবায় সমিতির সভাপতি আবদুল বাতেন। ঘুষ নেওয়ার সময় দুদকের রাজশাহী বিভাগীয় পরিচালক মুর্শেদ আলম ও উপপরিচালক জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একটি দল হাতেনাতে নৃপেন্দ্রনাথকে আটক করে। এ সময় তার কাছে থেকে ঘুষের ৮ হাজার টাকাও জব্দ করা হয়।

এ ব্যাপারে দুদকের রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আলমগীর হোসেন বাদী হয়ে গোদাগাড়ী মডেল থানায় মামলা করেছেন।