কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পুত্র বলে প্রতিযোগিতাটি শুরুর আগেই অর্জুনের প্রতি নজর ছিল সবার। ভালোভাবেই সামাল দিয়েছেন প্রত্যাশার চাপ। মুম্বাই প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টিতে অভিষেকটা দারুণ হয়েছে তার। ব্যাটিং-বোলিংয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন অর্জুন।
মঙ্গলবার প্রতিযোগিতাটিতে নিজেদের প্রথম ম্যাচে ট্রায়াম্পস নাইটস এমএনইর বিপক্ষে ৫ উইকেটের জয় পায় অর্জুনের আকাশ টাইগার্স এমডব্লিউএস।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে এদিন প্রথমে ব্যাট করে অধিনায়ক সূর্যকুমার যাদবের ৫৬ বলে অপরাজিত ৯০ রানে ১৪৭ রান তোলে ট্রায়াম্ফস নাইটস। বলহাতে নিরাশ করলেন না ম্যাচটিতে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকা অর্জুন। পাওয়ার প্লেতে ৩ ওভার হাত ঘুরিয়ে মাত্র ২১ রান খরচ করলেন বাঁহাতি এই পেসার। পাশাপশি তুলে নেন ওপেনার করণ শাহর গুরুত্বপূর্ণ উইকেট।
জবাবে তিন বল হাতে রেখেই ৫ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে আকাশ টাইগার্স। দলের জয়ে তিন নম্বরে ব্যাটিংয়ে নেমে ১৯ বলে ২৩ রান করে গুরুত্বপূর্ণ অবদান রাখেন অর্জুন। তার ছোট্ট অথচ কার্যকরী ইনিংসটিতে ছিল একটি চার ও একটি ছক্কার মার।
নিলামে অর্জুনকে ৫ লাখ রুপিতে দলে টানে আকাশ টাইগার্স।