জনপ্রিয় কয়েকটি ফেইসবুক গ্রুপ গায়েব

ফেইসবুকে বাংলাদেশ থেকে পরিচালিত বেশ কিছু গ্রুপ পেইজ ও সে সব গ্রুপের অ্যাডমিনদের অ্যাকাউন্টের হদিস পাওয়া যাচ্ছে না। এই নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম বিশেষত ফেইসবুকে ভুক্তভোগীদের মধ্যে আলাপ-আলোচনা লক্ষ করা গেছে।

খোঁজ নিয়ে দেখা যায়, বিনা নোটিসে লক্ষাধিক অনুসারী নিয়ে পরিচালিত- সার্চ ইংলিশ, আপওয়ার্ক বাংলাদেশ, ক্রিকেট খোর এবং উই আর বাংলাদেশ-সহ বেশ কিছু কমিউনিটি গ্রুপের হদিস মিলছে না। এসব গ্রুপের অ্যাডমিনদের অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ বিষয়ে সার্চ ইংলিশের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ফেইসবুক কমিউনিটি লিডার রাজীব আহমেদ জানিয়েছেন, ১৩ মে রাত ১২টার পর থেকে ১৪ মে সকাল ৭টা পর্যন্ত কমপক্ষে ১৫টির মতো ফেইসবুক কমিউনিটি গ্রুপ পেইজ হাওয়া হয়ে গেছে। গ্রুপের ৪ জন অ্যাডমিনকেও ডিলিট করা হয়েছে।

তিনি বলেন, আমরা হেল্পলাইনে ফেইসবুককে এ বিষয়ে জানিয়েছি। আশা করছি ৪৮ ঘণ্টার মধ্যে গ্রুপ ফিরে পাব।

অপরদিকে দেশের ফ্রিল্যান্সারদের অন্যতম জনপ্রিয় ‘টঢ়ড়িৎশ ইধহমষধফবংয’ গ্রুপটি ডিজেবল করার কথা জানিয়ে এক ফেইসবুক পোস্টে মোহাম্মাদ আসিফ জানিয়েছেন, এই গ্রুপের ছয় অ্যাডমিন মুজাহিদুল ইসলাম, কাজি মামুন, সুমন সাহা, রাকিবুল ইসলাম, মুস্তফা মামুন, মামুনুর রশিদের অ্যাকাউন্টও ডিজেবল করা হয়েছে। গ্রুপ এবং অ্যাডমিনদের অ্যাকাউন্ট উদ্ধার করার জন্য ফেসবুকের সঙ্গে যোগাযোগ করা হলে একজন অ্যাডমিনের অ্যাকাউন্ট ফিরে পেয়েছেন। কিন্তু পেইজটি এখনো লাপাত্তা।