কপারটেকের আর্থিক তথ্য যাচাই করতে এফআরসির চিঠি

তালিকাভুক্তির অপেক্ষায় থাকা কপারটেক ইন্ডাস্ট্রিজের আইপিও প্রসপেক্টাসে উল্লিখিত সব নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পুনর্বীক্ষণ (যাচাই) করে প্রতিবেদন পাঠাতে দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশকে (আইসিএবি) চিঠি দিয়েছে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল (এফআরসি)। সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানিয়েছে, গত মঙ্গলবার এফআরসি থেকে আইসিএবির সভাপতি এ এফ নেসারউদ্দিনকে এ চিঠি পাঠানো হয়েছে। চিঠি দেওয়ার সাত কার্যদিবসের মধ্যে পুনর্বীক্ষণ প্রতিবেদন পাঠাতে বলেছে নিরীক্ষিত প্রতিবেদনের যথার্থতা, জবাবদিহিতা ও মান উন্নয়নে গঠিত এ সংস্থা।

জানা গেছে, চিঠিতে এফআইসি জানিয়েছে, গত ৫ মে গণমাধ্যমে প্রকাশিত ‘অবিশ^াস্য তথ্য দিয়েছে কপারটেক’ শীর্ষক প্রতিবেদনটি সংস্থার নজরে এসেছে। প্রকাশিত সংবাদের সঙ্গে কোম্পানিটির নিরীক্ষা প্রতিষ্ঠান আহমেদ অ্যান্ড আকতার, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস এবং এর নিয়ন্ত্রণকারী আইসিএবি ও কপারটেকের সুনাম জড়িত। এ অবস্থায় কপারটেকের আর্থিক বিবরণীতে বিশ্লেষণপূর্বক আহমেদ অ্যান্ড আকতারের নিরীক্ষা পুনর্বীক্ষণ করে কাউন্সিলকে আগামী সাত কার্যদিবসের মধ্যে অবহিত করতে বলেছে এফআরসি।

এর আগে গত ৯ মে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদও তার ব্যবস্থাপনা বিভাগকে আইপিও প্রসপেক্টাসে উল্লিখিত কপারটেকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছে। এক চিঠিতে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন (ডিবিএ) এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করার পর ডিএসই পর্ষদ এ নির্দেশ দেয়। ডিএসইসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ডিএসইর ব্যবস্থাপনা বিভাগ এরই মধ্যে নিরীক্ষা প্রতিবেদনটি পর্যালোচনা শুরু করেছে। নির্ধারিত সময়ের মধ্যেই তারা প্রতিবেদন জমা দিতে পারবে।