তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঝিনাইদহের মহেশপুর উপজেলার নিশ্চিন্দপুর গ্রামে আলমগীর হোসেন (৩৫) নামে এক দিন মজুরকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। এই ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে ওই উপজেলায় নিশ্চিন্দপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আলমগীর হোসেন নিশ্চিন্দপুর গ্রামের আমির হোসেনের ছেলে।
মহেশপুর থানার ওসি রাশেদুল আলম জানান, ওই গ্রামের খাস জমিতে কয়েকটি পরিবার ঘর তুলে বসবাস করছেন। নিহত আলমগীরের বড় ভাই জাহাঙ্গীর হোসেন প্রতিবেশী ইমরানের ঘরের সাথে লাগোয়া এক চিলতে জমিতে খড়ের গাদা দেয়।
বৃহস্পতিবার সকাল ৮টার দিকে এ ঘটনা নিয়ে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে তারা মারামারিতে লিপ্ত হয়। এতে আলমগীর হোসেন ঘটনাস্থলেই মারা যান।
ওসি বলেন, “আলমগীরের শরীরে বাহ্যিক কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। কিভাবে তার মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের পর বলা যাবে। এই ঘটনায় পুলিশ প্রতিবেশী আব্দুল মজিদ ও সাহেব আলীকে আটক করেছে।