শহিদ কাপুর বলিউডের উঠতি তারকা কিয়ারা আদভানির প্রেমে হাবুডুবু খাচ্ছেন! প্রেমে পাগল হয়ে মদ্যপ হয়ে উঠছেন। নিজের ওপর নিজেই চালাচ্ছেন অমানুষিক সব অত্যাচার। তবে এসব ঘটনা বাস্তব জীবনে নয়, সিনেমার পর্দায় দেখা মিলবে। ‘কবির সিং’-এর ট্রেইলারে এভাবেই ধরা দিয়েছেন শহিদ কাপুর। গতকালই প্রকাশ পেয়েছে বলিউড তারকার বলিউড সিনেমা ‘কবির সিং’-এর ট্রেইলার। ২০১৭ সালের সুপারহিট তেলেগু ছবি ‘অর্জুন রেড্ডি’র হিন্দি রিমেক হলো ‘কবির সিং’। যারা তেলেগু ছবিটি দেখেছেন তারা হয়তো সিনেমার গল্পটি জেনে থাকবেন। যেখানে মেডিকেলছাত্র শহিদকে পরবর্তীকালে চিকিৎসকের ভূমিকায় দেখা যাবে। যার বিপরীতে মেডিকেলছাত্রী প্রীতির ভূমিকায় দেখা যাবে কিয়ারাকে। এরই মধ্যে ছবির ট্রেইলার দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন। অনেকেই ট্রেইলারটি ভীষণ পছন্দ করেছেন। কেউ আবার এটির সঙ্গে তেলেগু ছবির তুলনা করেছেন। বলিউডের একাধিক মিডিয়া এই সিনেমাকে শহিদ কাপুরের অন্যতম সেরা অর্জন বলে মনে করছে। কারণ, এতে তিনি যে চরিত্রটি করছেন তা ভীষণ চ্যালেঞ্জিং। সাধারণত ডাক্তারদের খুবই শান্ত-ভদ্রভাবে সিনেমায় দেখানো হলেও এতে শহিদ খ্যাপাটে এক তরুণ চিকিৎসক। এ সিনেমায় কাজ করতে গিয়ে অনেক ত্যাগ শিকার করেছেন শহিদ। এমনকি এ সিনেমায় দর্শক তাকে কীভাবে নেন সেটি না দেখে নতুন কোনো সিনেমার ঘোষণা দেবেন না বলেও জানান। হয়েছেও তাই। ‘কবির সিং’ শুরুর পর এখন পর্যন্ত নতুন কোনো সিনেমার গল্পই শোনেননি শহিদ। মনপ্রাণ উজাড় করে দিয়ে সিনেমাটিতে কাজ করেছেন। ‘কবির সিং’ মুক্তি পাচ্ছে ২১ জুন।