ভিন্ন উচ্চতায় কামার

বিশ্বের প্রামাণ্য উৎসবগুলোর মধ্যে বৃহত্তম ইডফা’র সামার স্কুল। প্রত্যেক বছর তারা আয়োজন করছে সিনেমার ভিন্ন মেজাজের এক পাঠশালা! এখানে নির্বাচিত চিত্রনাট্য বা সম্পাদনা পর্যায়ে ইউরোপের গুণী কুশলীবদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে থাকেন আমন্ত্রিত নির্মাতারা। সেই পাঠশালায় এবার আমন্ত্রণ পেলেন বাংলাদেশের নির্মাতা কামার আহমাদ সাইমন। তার পরের সিনেমা ‘অন্যদিন’ সম্পাদনার জন্য যাচ্ছে হল্যান্ডের আমস্টারডামে। সারা আফরীনের প্রযোজনায় ফরাসি ডিডব্লিউ, নরওয়ের ব্যারেন্টস ফিল্ম ও বাংলাদেশি স্টুডিও বিগেনিং-এর যৌথ-প্রযোজনায় তৈরি হচ্ছে ‘অন্যদিন’।

জুলাইয়ের প্রথম সপ্তাহে ইডফার আমন্ত্রণে এক সপ্তাহের এই আন্তর্জাতিক পাঠশালায় যোগ দেন কামার। বিশ্ব সিনেমার অন্যতম পাঠশালায় সম্পাদনার নিমন্ত্রণের প্রতিক্রিয়ায় কামার বলেন, “শুরু থেকেই ‘অন্যদিন’ খুব চ্যালেঞ্জিং ছিল এর ফিকশন-নন-ফিকশন ফর্মের জন্য। ২০১৩ সালে শুরু হলেও কয়েকবার বিরতি দিয়ে শুটিং শেষ করেছি ২০১৮ সালের ডিসেম্বরে। সেটা শেষ করেই আবার প্রস্তুতি শুরু করেছি (ফিচার ফিল্ম) ‘শিকলবাহা’র শুটিংয়ের। তাই ‘অন্যদিন’-এর সম্পাদনা শেষ হলেও পোস্ট প্রোডাকশনের কাজ বাকি থেকে যাবে।” ২০১৩ সালে ইডফা-বার্থা অনুদান পুরস্কার দিয়ে যাত্রা শুরু হয়েছিল ‘অন্যদিন’-এর। একই বছর সানড্যান্স চলচ্চিত্র উৎসব থেকেও পেয়েছিল অনুদান। ২০১৬ সালে লোকার্নোর পিয়াতজা গ্রান্দায় কামার আহমাদ সাইমনকে সম্মানিত করা হয় ওপেন ডোর্স হাবের ‘শ্রেষ্ঠ পুরস্কার’ দিয়ে। সঙ্গে ‘আর্তে ইন্টারন্যাশনাল পুরস্কার’ও পেয়েছিলেন এই চিত্রনাট্যের জন্য। পরের বছর ‘অন্যদিন’-এর জন্যই কান চলচ্চিত্র উৎসবে লা এতেলিয়ারে আমন্ত্রিত হন কামার। এ আয়োজন শুধু নির্বাচকদের আমন্ত্রণেই ১৫ জন নির্মাতা যোগ দিতে পারেন। ২০১৮ সালে ইউরোপের কালচারাল চ্যানেল আর্তের লা লুকার্ন প্রোগ্রামে ‘অন্যদিন’ প্রদর্শনের জন্য নির্বাচিত করে।