সিকৃবিতে চা-শ্রমিক সন্তানদের জন্য কোটার দাবি

শিক্ষাক্ষেত্রে পিছিয়ে থাকা চা-শ্রমিক সন্তানদের উচ্চশিক্ষার সুযোগ করে দিতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) কোটা বরাদ্দের দাবিতে স্মারকলিপি দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপাচার্য অধ্যাপক মতিয়ার রহমান হাওলাদারের সঙ্গে সাক্ষাৎ করে চা-শ্রমিক জনগোষ্ঠী থেকে বিভিন্ন ক্ষেত্রে প্রতিনিধিত্বশীল নেতৃবৃন্দ এ স্মারকলিপি দেন।

এতে বলা হয়, চা-শ্রমিক জনগোষ্ঠী ব্রিটিশ আমল থেকে এ দেশে বসবাস করে এলেও উন্নয়নের মূলধারাতে তারা অনেক পেছনে। সিলেট বিভাগ শিক্ষায় পিছিয়ে থাকার অন্যতম প্রধান কারণ চা জনগোষ্ঠী। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চা-শ্রমিক সন্তানদের বিশেষ কোটা দেওয়ার কথা উল্লেখ করে একইভাবে সিকৃবিতেও কোটা বরাদ্দের দাবি তোলা হয়। পরে উপাচার্য বলেন, ‘কাউকে পেছনে ফেলে ডিজিটাল বাংলাদেশ গঠন করা সম্ভব নয়। আমরা চা-শ্রমিক সন্তানদের জন্য বিশেষ কোটা চালুর বিষয়ে উদ্যোগ নেব।’ এ সময় উপস্থিত ছিলেন চা-শ্রমিক শিক্ষার্থী কল্যাণ তহবিলের আহ্বায়ক সজল ছত্রী, সিলেট চা জনগোষ্ঠী ছাত্র যুব কল্যাণ পরিষদের সভাপতি দিলীপ রঞ্জন কুর্মী, চা ছাত্র সংসদের সভাপতি রাজু কুর্মী, স্বপ্নকুঁড়ি সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি বিজয় রুদ্র পাল, কারিতাস সিলেট অঞ্চলের শিক্ষা বিভাগের প্রধান পিউস নানোয়ার প্রমুখ।