বিশ্বকাপের সম্প্রচারে থাকছে ৩৬০ ডিগ্রি রিপ্লে

ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপের দ্বাদশ আসরটি সম্প্রচারের দিক থেকে হবে অন্যসব আসর থেকে আলাদা। ফুটবলের মতো ক্রিকেটেও দর্শকরা দেখতে পাবে ৩৬০ ডিগ্রির রিপ্লে। থাকছে প্লেয়ার ট্র্যাকিং প্রযুক্তিও। টেলিভিশনে এবারের বিশ্বকাপ দেখার অভিজ্ঞতা অন্য যেকোনও বিশ্বকাপের চেয়ে ভিন্ন হবে বলে জানিয়েছে আইসিসিও।

ব্রডকাস্টিংয়ে অত্যাধুনিক প্রযুক্তির সহায়তা নিচ্ছে তারা। ৪৬ দিন ধরে চলা টুর্নামেন্টের ৪৮টি ম্যাচের সঙ্গে দশটি প্রস্তুতি ম্যাচও সরাসরি দেখানো হবে এবার। প্রতি ম্যাচে অন্তত ৩২টি ক্যামেরা থাকবে। এর মধ্যে আটটি আল্ট্রা-মোশন হক-আই ক্যামেরা। থাকবে স্টাম্পের ফ্রন্ট, রিভার্স ভিউ ক্যামেরা ও স্পাইডারক্যাম।

প্রথমবারের মতো বিশ্বকাপে দেখানো হবে ৩৬০ ডিগ্রি রিপ্লে, এতে আইসিসিকে সহায়তা করবে পিয়েরো। একাধিক ক্যামেরার ফুটেজ জোড়া লাগিয়ে বিশেষ মুহুর্তগুলো দেখানো হবে তাতে।

বিশ্বকাপে থাকছে অ্যানালাইটিকস অ্যাপ ক্রিকভিজও, যারা প্রদান করবে গভীর ডাটা বিশ্লেষণ। এর আগে ক্রিকভিজ স্কাই স্পোর্টসকে সরবরাহ করেছে এমন ডাটা বিশ্লেষণ। সঙ্গে থাকবে প্লেয়ার ট্র্যাকিংও। থাকবে ড্রোনক্যাম, বাগি ক্যাম- যে দুইটি দেখাবে ওপর ও ভুমি থেকে বিভিন্ন অ্যাকশন।