গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেছেন, ‘রমজান মাসে খালেদা জিয়াকে মুক্তি দিয়ে একটি ভালো কাজ করুন। আল্লাহকে বলতে পারবেন তোমাকে সন্তুষ্ট করতেই খালেদা জিয়াকে মুক্তি দিয়েছি। ওআইসি সম্মেলনে মক্কা যাওয়ার আগে খালেদা জিয়াকে মুক্তি দিয়ে একটি ভালো কাজ করে যান।’
গতকাল শুক্রবার সন্ধ্যায় জামালপুরে মওলানা ভাসানীর ফারাক্কা লংমার্চ দিবস উপলক্ষে এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. জাফরুল্লাহ আরও বলেন, ‘আজকে দেশকে কে শাসন করে? শেখ হাসিনা, নাকি ভারত? দেশের গণতন্ত্র আজ কবরে নয়, শ্মশানে। আর তাতে আগুন দিচ্ছে ভারত।’ এ সময় তিনি মওলানা আবদুল হামিদ খান ভাসানীকে স্মরণ করতে স্কুলের পাঠ্য বইয়ে তার সঠিক ইতিহাস অন্তর্ভুক্তির দাবি জানান।
জামালপুর শহরের মিয়াপাড়া এলাকায় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত আলোচনা সভায় ভাসানী অনুসারী পরিষদ জামালপুরের সভাপতি মো. সিদ্দিকুর রহমান সভাপতিত্ব করেন।