ভালুকায় কারখানার বাঁধে জলাবদ্ধতা, ফসল নষ্ট

ময়মনসিংহের ভালুকা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে অবস্থিত রোয়ার ফ্যাশন কোম্পানি বোরো জমির ওপর বাঁধ নির্মাণ করায় উজানের জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে শতাধিক বিঘা জমির ফসল নষ্ট হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া ওই কারখানার বর্জ্যে ফসল নষ্ট হচ্ছে বলে স্থানীয় কৃষকরা জানিয়েছেন। সম্প্রতি ভোক্তভুগী কৃষকরা পৌর মেয়র ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর এ বিষয়ে লিখিত অভিযোগ করেছেন।  

অভিযোগ সূত্রে জানা যায়, রোয়ার ফ্যাশন কারখানা বিলের উজানের পানি ঠেকানোর জন্য ২০১৮ সালে মিলটির পশ্চিম ও উত্তর পাশে বোরো জমির ওপর ৪০ ফুট চওড়া বিশাল একটি বাঁধ নির্মাণ করে। বাঁধটি বর্তমানে রাস্তা হিসেবে ব্যবহার হচ্ছে। উজানের পানি নিষ্কাশনের জন্য বাঁধের নিচে সরু একটি কালভার্ট বসানো হয়। কালভার্টটি এমনভাবে বসানো হয়েছে যে উজানের পানি পুরোপুরি নিষ্কাশন হয় না। ফলে কারখানার উজানের বেশ কয়েকটি এলাকার ফসলি জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

সরেজমিনে দেখা যায়, কৃষকরা ভালো ফলন না পেয়ে ও বৃষ্টিতে উজানের পানিতে ডুবে যাওয়ার আশঙ্কায় অপরিপক্ব বেশ কিছু ধান কেটে নিয়ে গেছেন। বাঁধের পাশের ৯/১০ বিঘার ধানগাছ পুড়ে বাদামি রং হয়ে মাটিতে লুটিয়ে পড়েছে। 

স্থানীয় কৃষক আবুল হোসেন মিলন জানান, বাঁধ নির্মাণের সময় তার ৪ শতক জমি কোম্পানির পরিচালক শামীম আজাদ খান জোরপূর্বক দখল করে নিয়েছেন।

তবে জমি দখলের অভিযোগ অস্বীকার করেন রোয়ার ফ্যাশন কোম্পানির পরিচালক শামীম আজাদ খান। তিনি বলেন, উজানের পানি নিষ্কাশনের ড্রেনে বিদ্যুতের টাওয়ার নির্মাণ করার সময় মাটি পড়ে ভরাট হয়ে যাওয়ায় কিছুটা জলাবদ্ধতার সৃষ্টি হয়েছিল। পরে ওই মাটি সরিয়ে ড্রেন পরিষ্কার করা হয়েছে।

ভালুকা পৌরসভার মেয়র এ কে এম মেজবাহ উদ্দিন কাইয়ুম বলেন, ‘কৃষকরা এ বিষয়ে একটি অভিযোগ দিয়েছেন। পরে তারাও কোনো খোঁজখবর নেননি, আমরাও ব্যবস্থা নিতে পারিনি।’