আত্মসমর্পণকারীরা ফের মাদকে জড়ালে কঠোর পরিণতি : আইজিপি

পুলিশের কাছে আত্মসমর্পণকারী মাদক কারবারিরা আবারও মাদক ব্যবসায় ফিরে গেলে তাদের জন্য কঠোর পরিণতি অপেক্ষা করছে বলে হুঁশিয়ারি দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক ড. জাবেদ পাটোয়ারী। গতকাল শুক্রবার সন্ধ্যায় চাঁদপুর জেলা পুলিশের ইফতার ও দোয়া মাহফিলে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

আইজিপি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের আত্মসমর্পণের সুযোগ দিয়েছি। তারা ভুল বুঝে নিজেদের সংশোধন করে যদি দেশ গড়ায় শরিক হয়, তাতে সবারই মঙ্গল। তবে আত্মসমর্পণের পরও যদি তাদের বিরুদ্ধে মামলা থাকে তাহলে বিচারের মুখোমুখি হতে হবে। এর থেকে কেউ রেহাই পাবে না। ’

তিনি আরও বলেন, ‘মাদক কারবারি, জলদস্যু, বনদস্যুসহ চরমপন্থি সদস্য যারা আত্মসমর্পণ করেছে তাদের প্রত্যেকের প্রতি আমাদের নজরদারি রয়েছে। আত্মসমর্পণের পর স্বাভাবিক জীবনে ফিরে এসে তারা যদি মাদকের সঙ্গে পুনরায় জড়িত হয়ে পড়ে তাহলে এবার তাদের জন্য কঠোর পরিণতি অপেক্ষা করছে।’

অনুষ্ঠানে চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য মেজর (অব.) রফিকুল ইসলাম, চাঁদপুর-১ আসনের সাংসদ অ্যাড. নুরুল আমিন রুহল, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, চাঁদপুর জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান, পুলিশ সুপার জিহাদুল কবির, জেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলালসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তা ও বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।