কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মোহাম্মদ ইব্রাহিম (৩২) নামে স্থানীয় এক যুবদল নেতা নিহত হয়েছেন। পুলিশের দাবি, তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা কারবারি।
শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ ঝাউবন এলাকায় কথিত এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
নিহত ইব্রাহিম শাহপরীর দ্বীপ মিস্ত্রি পাড়া এলাকার নুরুল আমিন ওরফে বল্লার ছেলে। তিনি শাহপরীর দ্বীপ সাংগঠনিক ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার দাশ বলেন, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপ-পরিদর্শক (এসআই) দীপক বিশ্বাস সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ‘বহু মামলার’ পলাতক আসামি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী ইব্রাহিমকে শাহপরীর দ্বীপ কোনার পাড়া হতে গ্রেপ্তার করেন।
পরে জিজ্ঞাসাবাদে ইব্রাহিম জানায়, কয়েক দিন আগে মিয়ানমার হতে আনা ইয়াবার একটি বড় চালান বেচা-বিক্রির পর আরও কিছু ইয়াবা শাহপরীর দ্বীপ পশ্চিম পাড়া ফিশিং বোট ঘাটের উত্তর পার্শ্বে ঝাউ বাগান সংলগ্ন বেড়িবাঁধের পশ্চিম পার্শ্বে বালুর চরে মজুদ রয়েছে।
ওসির ভাষ্য, এই তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযানে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ইব্রাহিমের সহযোগী অস্ত্রধারী ইয়াবা ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। এসময় পুলিশ নিজেদের জীবন ও সরকারি সম্পত্তি রক্ষার্থে ৩৮ রাউন্ড পাল্টা গুলিবর্ষণ করে।
একপর্যায়ে আটককৃত ইব্রাহিম গুলিবিদ্ধ হয়। গোলাগুলির শব্দ শুনে ঘটনাস্থলে স্থানীয় লোকজন এগিয়ে আসতে থাকলে অস্ত্রধারী মাদক ব্যবসায়ীরা গুলি করতে করতে দ্রুত পালিয়ে যায়।
তিনি জানান, ঘটনাস্থলের আশপাশের এলাকায় ব্যাপক তল্লাশি করে হামলাকারীদের বিক্ষিপ্তভাবে ফেলে যাওয়া ৩টি এলজি, ১১ রাউন্ড শটগানের তাজা কার্তুজ, ১৩ রাউন্ড কার্তুজের খোসা এবং ৫ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
প্রদীপ কুমার দাবি করেন, বন্দুকযুদ্ধের ঘটনায় তিন পুলিশ সদস্যও আহত হয়েছেন। আহতরা হলেন- এসআই দীপক বিশ্বাস, কনস্টেবল লিটু ও সাকিল।
তিনি বলেন, গুলিবিদ্ধ ইব্রাহিমকে পৌনে ১২টার দিকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করলে সেখানে তার মৃত্যু হয়। তার লাশ সেখানকার মর্গে রয়েছে।
ওসি জানান, নিহত ইব্রাহিমের বিরুদ্ধে টেকনাফ থানায় মাদকসহ পাঁচটি মামলা রয়েছে।