যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা, চালকসহ নিহত-৬

খুলনা-মাওয়া মহাসড়কে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে বাসের চালকসহ ছয়জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। আহতদের ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে অন্তত পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

শনিবার সকাল সাড়ে নয়টার দিকে খুলনা-মাওয়া মহাসড়কের বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাকডাঙা নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে।

বেপরোয়া গতিতে বাস চালানোর কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।

নিহত ছয়জনের মধ্যে একজন স্থানীয় দিনমজুর। বাকি পাঁচজন বাসের যাত্রী ছিলেন। এর মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে। তারা হলেন, বাসের চালক ফরহাদ, বাসযাত্রী খুলনার হেকমত বিশ্বাস ও বাগেরহাটের কুদ্দুস সরদার। 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা অভিযোগ করেন, বাসটি বেপরোয়া গতিতে চলছিল। ঘটনাস্থলে পৌঁছে প্রথমে রাস্তার পাশে একজনকে চাপা দিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে বাসটি উল্টে গেলে এই হতাহতের ঘটনা ঘটে।

স্থানীয়রা অভিযোগ করেন, এই ব্যস্ততম সড়কে ফিটনেসবিহীন গাড়ি চলাচল করে থাকে। যার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটেছে। ফিটনেসহীন গাড়ি বন্ধ করতে প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন তারা।

বাগেরহাট ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক (ডিএডি) সরদার মাসুদ বলেন, খুলনা থেকে মোল্লাহাটের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছালে সামনের চাকা ফেটে যায়। তখন বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে পাঁচজন এবং হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।

ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মো. তারিফ উদ্দীন বলেন, দুর্ঘটনায় আহত ১৫ থেকে ২০ জনকে হাসপাতালে নিয়ে আসা হয়। এখানের আসার পর এজনের মৃত্যু হয়। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে পাঁচ থেকে সাতজনের অবস্থা আশঙ্কাজনক।