মেয়েকে হাসপাতালে রেখে সেঞ্চুরি করলেন জেসন রয়

সাত সপ্তাহ বয়সী কন্যাসন্তান ইভারলি হঠাৎই অসুস্থ হয়ে পড়ল। জেসন রয়কে ছুটতে হলো হাসপাতালে। এদিকে পরদিনই ম্যাচই। জেসন রয় সারা রাত হাসপাতালেই কাটালেন, থাকলেন মেয়ের পাশে। পরদিন পাকিস্তানের বিপক্ষে সিরিজের চতুর্থ ওয়ানডেতে মাঠে নেমে করলেন সেঞ্চুরি। ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরিটি কি একটু আলাদা হয়েই থাকবে না এই ইংলিশের কাছে?

শুক্রবার পাকিস্তানকে ৩ উইকেটে হারায় ইংল্যান্ড। আগে ব্যাট করে স্বাগতিক ইংল্যান্ডকে ৩৪১ রানের লক্ষ্য দিয়েছিল পাকিস্তান। রয়ের ১১৪ ও বেন স্টোকসের অপরাজিত ৭১ রানে যা পেরিয়ে যায় ইংলিশরা। একই সঙ্গে এক ম্যাচ হাতে রেখে জিতে নেয় সিরিজ। রয় ৮৯ বলে ১১ চার ও ৪ ছক্কায় নিজের ইনিংস সাজান। ৭৫ বলে পূরণ করেন সেঞ্চুরি।

স্থানীয় সময় দুপুর ১টায় ছিল খেলা। সকালে সাড়ে ৮টা পর্যন্ত হাসপাতালে ছিলেন রয়। কন্যা ইভারলি কিছুটা ভালোর দিকে যাওয়ায় ছুটে যান মাঠে। কিছুক্ষণ ঘুমানোর চেষ্টা করেছেন। এরপর নেমে পড়েন ওয়ার্মে। আর তারপর তো সেঞ্চুরির কীর্তি।

ম্যাচ শেষে রয় আবার ছুটেছেন হাসপাতালে মেয়েকে দেখতে। ম্যাচ শেষে রয় বলেছেন, ‘‘বেশ কঠিন একটা সময় গেছে। আমার ও আমার পরিবারের জন্য এই ইনিংসটা তাই বিশেষ কিছু। সকাল সাড়ে আটটা পর্যন্ত হাসপাতালেই থাকতে হয়েছে। সেখান থেকে ফিরে বিশ্রামের তেমন সময় পাইনি। কিছুক্ষণ অনুশীলন করেছি মাত্র। এই সেঞ্চুরিটার সঙ্গে আবেগ জড়িয়ে রয়েছে।’’