ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু

নারায়ণগঞ্জ শহরের মাসদাইর কেন্দ্রীয় ঈদগাহের সামনে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে সজীব (৩০) নামের যুবকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত মামুনকে (৩৩) আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শনিবার সকাল ওই ঘটনা ঘটে।

নিহত সজিবের নাম ঠিকানা পাওয়া না গেলেও আহত মামুন শহরের গলাচিপার নাদিমের বাড়ির ভাড়াটিয়া কমর আলীর ছেলে বলে পুলিশ জানিয়েছে।

ফতুল্লা মডেল থানার এসআই মামুন মিয়া দেশ রূপান্তরকে জানান, শনিবার ভোর ৬ টায় বাপ্পী নামের এক যুবক রিকশায় করে চাষাঢ়ার দিকে যাচ্ছিল। ওই সময়ে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহের সামনে ৩ ছিনতাইকারী বাপ্পীর গতিরোধ করে। তখন বাপ্পী পালানোর চেষ্টা করলে আশেপাশের লোকজন এসে তিন ছিনতাইকারীকে ধরে গণপিটুনি দিতে থাকে। ওই সময়ে ঘটনাস্থল থেকে একজন পালিয়ে যায়।

স্থানীয়রা সজীব ও মামুন নামের দুইজনকে মারধর করে। তাদের তখন দড়ি দিয়ে বেঁধে রেখে চলে যায় লোকজন। অবস্থার অবনতি হওয়ায় সকাল ১১টায় তাদের উদ্ধার করে শহরের খানপুরে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে ভর্তি করে স্থানীয় কয়েকজন।

দুপুরে সেখানে সজীবের মৃত্যু ঘটে। আর মামুনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ফতুল্লা মডেল থানার এস আই মামুন মিয়া আরও জানান, সজীব ও মামুন প্রকৃতভাবে ছিনতাইকারী কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।