স্কুলের বারান্দা থেকে কিশোরের লাশ উদ্ধার

কুমিল্লা সদর উপজেলার সাহেব নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দা থেকে অজ্ঞাত কিশোরের (১৭) মরদেহ উদ্ধার করেছে নাজিরা বাজার ফাঁড়ি পুলিশ।

শনিবার সকালে পুলিশ মরদেহটি উদ্ধার করে। নাজিরা বাজার ফাঁড়ি পুলিশের ইন্সপেক্টর মাহমুদ হাসান রুবেল জানান, ভোর থেকে অজ্ঞাত এক কিশোরের মরদেহ স্কুলের বারান্দায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা ফাঁড়ি পুলিশকে অবহিত করে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেছে।

মরদেহের সাথে একটি মোবাইল ফোন পাওয়া গেছে। মুঠোফোনের মাধ্যমে তার আত্মীয়-স্বজনের খোঁজ নেওয়া হচ্ছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।